সংবাদদাতা, কালনা: কালনা শহরে সাইকেল চোর সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হল। বাঁশ দিয়ে মেরে তাঁর পা ভেঙে দেওয়া হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাসখানেক ধরে কালনার ঠাকুরপাড়া সহ আশপাশের এলাকায় বেশ কয়েকটি সাইকেল চুরি যায়। বুধবার সকালে ঠাকুরপাড়ার বাসিন্দা অসিত চক্রবর্তীর বাড়ি থেকে একটি সাইকেল চুরি হয়। সকাল সাড়ে ৮টা নাগাদ সাইকেল চুরির ঘটনায় জড়িত সন্দেহে নগেন পাল নামে পাড়ারই এক ব্যক্তিকে গণপিটুনি দেয় এলাকার কয়েকজন। বাঁশ, লাঠি দিয়ে অত্যন্ত অমানবিকভাবে মারধর করা হয়। তাঁর দু’টি পা মাটিতে রেখে বাঁশ দিয়ে মেরে ভেঙে দেওয়া হয়। মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় মারধর করা হয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছন। ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরিবারের লোকজন তড়িঘড়ি কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।
Advertisement
জখম ব্যক্তির ছেলে শুভ পাল বলেন, সাইকেল চোর সন্দেহে বাবাকে মারধর করছে শুনে ছুটে যাই। বাঁশ, লাঠি দিয়ে বাবাকে অমানবিকভাবে মেরে দু’টি পা ভেঙে দিয়েছে। চুরি করেনি বলে বারবার বলা সত্ত্বেও মারধর করা হয়েছে। বাবার শরীরের বিভিন্ন জায়গায় মারধরের আঘাত রয়েছে। ঠিকমতো কথাও বলতে পারছিল না। রক্তাক্ত অবস্থায় বাবাকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক বর্ধমান রেফার করেন। বাবা রঙের কাজ করে। শুধুমাত্র সন্দেহের বশে এভাবে মারধর করা হবে ভাবতেই পারছি না। বাবার চিকিৎসার জন্য বর্ধমানে রয়েছি। ফিরে গিয়ে থানায় অভিযোগ জানাব। কালনার এসডিপিও রাকেশ চৌধুরী বলেন, এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি। খোঁজখবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।



