Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কালনায় প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, সদস্য সংগ্রহ অভিযানে জেলা সভাপতিকে কটাক্ষ

কালনায় প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, সদস্য সংগ্রহ অভিযানে জেলা সভাপতিকে কটাক্ষ
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: কালনায় প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। কৃষ্ণদেবপুরে একটি লজে মঙ্গলবার বিজেপির সদস্যতা অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায়কে ‘তৃণমূলের দালাল’ বলে কটাক্ষ করেন এলাকার জয়ী বিজেপির পঞ্চায়েত সদস্যরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া বিজেপি নেতা তথা প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, ননী সিংহ ও কৃষ্ণদেবপুর, হাটকালনা অঞ্চলের জয়ী সদস্য দিপালি মণ্ডল, পূজা রাজবংশী, অরুণ দাস, সান্তনা পুরকায়েত, শঙ্কর মণ্ডল প্রমুখ।
Advertisement
অরুণ দাস বলেন, পঞ্চায়েত নির্বাচনে জীবনের ঝুঁকি নিয়ে শাসক দলের শাসানি উপেক্ষা করে আমরা কৃষ্ণদেবপুর ও হাটকালনা পঞ্চায়েতে এলাকায় ৬ জন জয়ী হয়েছি। এলাকায় আমাদের সংগঠন শক্তিশালী হলেও ভোটের পর থেকে জেলা সভাপতি আমাদের কোনও খোঁজ নেননি। দলের কোনও কর্মসূচিতে ডাকেননি। উনি তৃণমূল কংগ্রেসকে সুবিধা করে দিতেই আমাদের মধ্যে বিভাজন তৈরি করছেন। তৃণমূল নেতার বাড়িতে গিয়ে খাবার খাচ্ছেন। কালনা পুরশ্রী মঞ্চে দলীয় সদস্যতা অভিযান কর্মসূচি হলেও আমাদের ডাকা হয়নি। সভাপতি দলের প্রকৃত কর্মীদের না নিয়ে তৃণমূলের দালালদের নিয়ে দল চালাচ্ছেন। এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।  
মহিলা সদস্য দিপালী মণ্ডল বলেন, পঞ্চায়েতের ভোটের পর শাসক দলের হুমকির মধ্যে পড়তে হয়েছে। আমরা বিপদে থাকলেও কোনও খোঁজ নেননি সভাপতি। আমরা দলকে ভালোবাসি তাই দলের সদস্যতা অভিযান কর্মসূচি পালন করে চলেছি।    
এই বিষয়ে গোপাল চট্টোপাধ্যায় বলেন, অনুষ্ঠানটি দলের নিদিষ্ট করা কর্মসূচি নয়। বিজেপির কর্মীরা সদস্যতা অভিযান কর্মসূচি নেওয়ায় সকলকে স্বাগত। কর্মসূচির মঞ্চে কয়েকজনকে দেখা গিয়েছে যাঁরা বিজেপি করেন না। তৃণমূলের সঙ্গে সখ্যতা বেশি। সকল কর্মী আমাদের সম্পদ। দলের কোনও অনুষ্ঠানের জন্য আমি ব্যক্তিগতভাবে সবাইকে বলতে পারি না। মণ্ডল সভাপতি ও এলাকায় দলের দায়িত্বে থাকা পদাধিকারিরা বিষয়টি দেখেন। 
তাঁকে তৃণমূলের দালাল বলার বিষয়ে বিজেপির জেলা সভাপতি বলেন, বৃহত্তর দল হিসেবে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে। তবে, কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। 
সম্পর্কিত সংবাদ