Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কালনায় পুলিসি তৎপরতায় টাকা ফেরত পেলেন প্রতারিতরা

কালনায় পুলিসি তৎপরতায় টাকা ফেরত পেলেন প্রতারিতরা
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: সাইবার প্রতারণায় এক ব্যক্তি হারিয়েছিলেন ১লক্ষ টাকা। অপরজন হারান ১৯হাজার টাকা। দু’টি ক্ষেত্রেই তাঁদের টাকা ফিরিয়ে দিল কালনা থানার সাইবার সেলের পুলিস। আগস্ট মাসে কালনা থানার ধাত্রীগ্রাম বেলকুলির বাসিন্দা সৌরভ মণ্ডলের মোবাইল বারাসতে চুরি যায়। এরপরই সৌরভবাবু দেখেন তাঁর অ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। তিনি কালনা থানায় অভিযোগ দায়ের করেন। কালনা থানার সাইবার সেল তদন্তে নেমে জানতে পারে, ওই টাকা বিহারের একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে এক ব্যক্তির অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। বিহারের ওই ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে পুলিস। এরপর টাকা ফেরত আনতে কালনা মহকুমা আদালতে পুলিস আবেদন জানালে আদালত রিলিজ অর্ডার দেয়। সৌরভবাবু তাঁর টাকা ফিরে পান। তিনি বলেন, এনসিআরপি পোর্টাল ও কালনা থানায় অভিযোগ জানিয়েছিলাম। পুলিসের তৎপরতায় টাকা ফেরত পেয়েছি।বাঘনাপাড়া পঞ্চায়েতের কৈখালির বাসিন্দা আরিফুল শেখের মোবাইলে ১৫দিন আগে একটি লিঙ্ক পাঠানো হয়। লিঙ্কটি খুলতেই ওটিপি দিতে বলা হয়। ওটিপি দেওয়ার পরই তাঁর অ্যাকাউন্ট থেকে ১৯ হাজার টাকা গায়েব হয়ে যায়। তিনি ২৩ অক্টোবর কালনা থানায় অভিযোগ দায়ের করেন। সাইবার সেলের তৎপরতায় শনিবার তিনি টাকা ফেরত পান। আরিফুল শেখ বলেন, পুলিসের জন্যই টাকা ফেরত পেয়েছি। সবাইকে বলব, মোবাইলে না বুঝে কোনও ওটিপি শেয়ার করবেন না।
Advertisement
সম্পর্কিত সংবাদ