সংবাদদাতা, কালনা: গত শুক্রবার কালনা স্টেশন সংলগ্ন জিউধারা এলাকায় রেল লাইনের ধার থেকে স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়। সেই ঘটনায় ছাত্রীর মোবাইল ফরেন্সিক পরীক্ষা করাতে সোমবার আদালতের অনুমতি পেল কালনা জিআরপি। মঙ্গলবার মোবাইলটি ফরেন্সিকে পাঠানো হবে বলে জিআরপি পক্ষে জানানো হয়েছে। তদন্তকারী অফিসাররা মনে করছেন ছাত্রীর মৃত্যুর ঘটনায় ওর মোবাইল থেকে কোনও সূত্র মিলতে পারে।
Advertisement
প্রসঙ্গত, শুক্রবার রাতে কালনা শহরে টিউশন পড়তে এসে রেল লাইনের ধার থেকে ধাত্রীগ্রামের দ্বাদশ শ্রেণির ছাত্রী অঙ্গনা হালদারের(১৮) মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় মৃত ছাত্রীর মা কালনা জিআরপিতে মেয়েকে পরিকল্পিতভাবে খুনের অভিযোগ করেন। জিআরপি খুনের কেস রুজু করে তদন্ত শুরু করে।



