Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কালনা মহকুমায় দু’টি পেঁয়াজ সংরক্ষণ কেন্দ্র তৈরির উদ্যোগ, কাজ জোরকদমে

কালনা মহকুমায় দু’টি পেঁয়াজ সংরক্ষণ কেন্দ্র তৈরির উদ্যোগ, কাজ জোরকদমে
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কালনা: কালনা মহকুমায় চাষিদের পেঁয়াজ সংরক্ষণে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। কালনা-২ ও পূর্বস্থলী-১ ব্লকে কিষাণ মাণ্ডিতে দু’টি পেঁয়াজ সংরক্ষণ কেন্দ্র গড়ে উঠছে। জোরকদমে কাজ চলছে।
Advertisement
কালনা মহকুমার কালনা ১ ও ২ এবং পূর্বস্থলী ১ ও ২ ব্লকে ভালো পেঁয়াজ চাষ হয়। চাষের জমির পরিমাণ পাঁচহাজার হেক্টরের বেশি। এর মধ্যে পূর্বস্থলী-২ ব্লকে দু’হাজার হেক্টর, পূর্বস্থলী-১ ব্লকে ১৫০০ হেক্টর ও কালনা-১ ব্লকে ৭০০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়। এবার বাজারে পেঁয়াজের দাম ভালো রয়েছে। তাই কৃষিদপ্তরের অনুমান, পেঁয়াজ চাষের জমির পরিমাণ কিছুটা হলেও বাড়তে পারে। এত পেঁয়াজ চাষ হলেও মহকুমায় তা সংরক্ষণের কোনও কেন্দ্র নেই। তাই অনেক চাষি সরকারি সহযোগিতায় ও বেসরকারিভাবে ঘরোয়া পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করেন। 
তবে চাষিরা অনেকদিন ধরেই সম্পূর্ণ সরকারিভাবে সংরক্ষণের পরিকাঠামো তৈরির দাবি তুলেছিলেন। সেই দাবি মেনে এবার কৃষি বিপণন দপ্তরের উদ্যোগে কালনা-২ ও পূর্বস্থলী-১ ব্লকের কিষাণ মাণ্ডিতে প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে দু’টি পেঁয়াজ সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রের পেঁয়াজ সংরক্ষণ ক্ষমতা ৪০ মেট্রিক টন। ইতিমধ্যে দু’টি ব্লকে চাষিদের নিয়ে বৈঠক করেছেন কৃষি ও কৃষি বিপণন দপ্তরের আধিকারিকরা।
কালনার পেঁয়াজ চাষি অশোক পাল, চন্দ্রগুপ্ত বারিক বলেন, গতবছর প্রাকৃতিক দুর্যোগে পেঁয়াজ চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। শুরুতে তেমন দামও পাওয়া যায়নি। সরকারিভাবে পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা হলে খুবই উপকার হবে।
নিয়ন্ত্রিত বাজার কমিটির এক অফিসার বলেন, কালনা-২ ব্লকের জিউধারা ও পূর্বস্থলী-১ ব্লকের নিমতলা কিষাণ মাণ্ডিতে ওই দু’টি কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। প্রতিটি কেন্দ্রে ৪০ মেট্রিক টন করে পেঁয়াজ সংরক্ষণ করা যাবে। ৫০শতাংশের বেশি কাজ হয়ে গিয়েছে।
সম্পর্কিত সংবাদ