Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কালনায় কানে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

কালনায় কানে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: ঘুমন্ত অবস্থায় এক বৃদ্ধার কানে সাপের কামড়। বেশ কিছুক্ষণ কামড়ে রাখার পর কাস্তে দিয়ে সাপ ছাড়িয়ে বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হল না। মঙ্গলবার ভোরে কালনা মহকুমা হাসপাতালে মৃত্যু হল বৃদ্ধার। মৃতার নাম শেফালি বিশ্বাস(৭৯)। বাড়ি কালনা থানার বন্দেবাজ গ্রামে। এদিন কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহ ময়না তদন্ত হয়। মৃতার ছেলে সতীশ বিশ্বাস বলেন, মা টালির ঘরে থাকত। সোমবার রাতে মশারি টাঙিয়ে ঘুমিয়ে ছিল। রাত দুটো নাগাদ মায়ের চিৎকারে ঘরে ঢুকে দেখি প্রায় দুই হাত লম্বা একটি সাপ মায়ের কানে কামড় দিয়ে ধরে আছে। আমি একটি কাস্তে নিয়ে এসে সাপটিকে মারতে বাধ্য হই। মাকে দ্রুত কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শুরু হলেও ভোর চারটে নাগাদ মা মারা যায়। আমাদের অনুমান কোনও কারণে বিষ দাঁত কানের সঙ্গে আটকে যায়। মৃত সাপটির ছবিও পরিবারের পক্ষ থেকে এদিন হাসপাতালের মর্গে সাংবাদিকদের দেখানো হয়। বিজ্ঞানমঞ্চের জেলা সম্পাদক আশুতোষ পাল বলেন, সাপের ছবি দেখে আমরা নিশ্চিত সাপটি কালাচ। খুবই বিষধর সাপ। এই সাপে কামড়ালে কোনও চিহ্ন, জ্বালা যন্ত্রণা বা প্রথম দিকে তেমন কোনও উপসর্গ থাকে না। ধীরে ধীরে রোগী মৃত্যুর দিকে ঢলে পড়ে। আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি, গ্রামীণ এলাকায় ঘরে অধিকাংশ ক্ষেত্রে কালাচ সাপের কামড়ে মৃত্যুর ঘটনা ঘটে। মশারি টাঙিয়ে ঘুমনো, ঘর ও আশপাশ পরিষ্কার রাখা খুবই জরুরি।       
Advertisement
সম্পর্কিত সংবাদ