Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কালনায় জিআরপির তদন্তে অসন্তুষ্ট মৃতা ছাত্রীর পরিবার

কালনায় জিআরপির তদন্তে অসন্তুষ্ট মৃতা ছাত্রীর পরিবার
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: কালনা স্টেশন লাগোয়া জিউধারা এলাকায় রেললাইনের ধারে গত শুক্রবার এক স্কুলছাত্রীর দেহ উদ্ধার হয়েছিল। এঘটনায় কালনা জিআরপির তদন্তে সন্তুষ্ট নন মৃতার পরিবারের লোকজন। মঙ্গলবার মৃতার মা বলেন, আমার মেয়েকে অন্যত্র মেরে ওখানে ফেলে দেওয়া হয়েছে। মেয়ের গৃহশিক্ষকের মন্তব্য নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেন। গত শুক্রবার কালনার মধুবন এলাকায় টিউশন পড়তে আসে ধাত্রীগ্রামের দ্বাদশ শ্রেণির ওই ছাত্রী। তার মা-ই তাকে দিয়ে যান। কিন্তু রাত ৮টা নাগাদ জিউধারায় রেললাইনের ধারে ওই ছাত্রীর দেহ উদ্ধার করে কালনা জিআরপি। মৃতার মা জিআরপির কাছে তাঁর মেয়েকে পরিকল্পিতভাবে খুনের অভিযোগ জানিয়েছেন। কালনা জিআরপি মধুবন এলাকার গৃহশিক্ষকের বাড়ির রাস্তা সহ অন্য রাস্তা, স্টেশন চত্বরের সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে। মৃতার মোবাইল ফরেন্সিক তদন্তে পাঠানো হয়েছে। জিআরপি মনে করছে, মোবাইল থেকে তথ্য মিলতে পারে। এদিন মেয়েটির মা সাংবাদিকদের বলেন, জিআরপি মেয়ের আত্মহত্যার তত্ত্ব আনছে। এটা ঠিক নয়। আমার মেয়ে কোনওভাবেই আত্মহত্যা করতে পারেনা। ওকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। জিআরপির তদন্তের তেমন গতি দেখছি না। জিআরপির এক আধিকারিক বলেন, সঠিক পথেই তদন্ত এগোচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ