সংবাদদাতা, কালনা: সোমবার বিজেপির সদস্যতা অভিযান নিয়ে কালনা পুরশ্রী মঞ্চে কর্মীদের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তবে, এদিন বৈঠকে বিজেপির পুরনো দিনের অনেক কর্মীকে দেখা যায়নি। বিজেপির প্রাক্তন জেলা সম্পাদক সুশান্ত পাণ্ডে বলেন, আমাদের ডাকা হয়নি। বর্তমান বিজেপি জেলা নেতৃত্বের কাছে পুরনো কর্মীদের গুরুত্ব নেই। অসময়ের বহু পুরনো কর্মীরা ডাক না পেয়ে ঘরে বসে আছেন। বর্তমান জেলা নেতৃত্বের জন্য বিজেপি থেকে অনেক মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। এই বিষয়ে সুকান্তবাবু বলেন, দলের মধ্যে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। সভাগৃহে জায়গা না হওয়ায় অনেকে আসতে পারেননি।
Advertisement
এদিনের বৈঠলে উপস্থিত ছিলেন কাটোয়া সাংগঠনিক জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। সুকান্তবাবু বুথস্তরের নেতাদের ১০০ জন করে সদস্য সংগ্রহ করার টার্গেট দেন। সুকান্তবাবু বলেন, রাজ্যে কোনও আইনশৃঙ্খলা নেই, মেয়েরা সুরক্ষিত নয়। পুলিস শাসক দলের দলদাসে পরিণত হয়েছে।



