সংবাদদাতা, কালনা: কালনায় বাইকের ‘মডিফায়েড’ সাইলেন্সার পাইপ খোলাল পুলিস। সোমবার রাস্তা দিয়ে যাওয়ার সময় এক যুবকের বাইক থেকে বিকট শব্দ বের হচ্ছিল। বাইক চালকদের এমন দৌরাত্ম্যে দীর্ঘদিন ধরেই অতিষ্ট ছিল শহরের বাসিন্দারা। তার বিরুদ্ধেই অভিযানে নামে পুলিস। পুলিসের ভূমিকায় খুশি পথচারী থেকে সাধারণ মানুষ।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার কালনা শহরের চকবাজার এলাকায় একটি বাইকের বিকট শব্দে মানুষ তিতিবিরক্ত হচ্ছিল। খবর পেয়ে কালনা থানার পুলিস বাইক চালককে ধরে থানায় নিয়ে যায়। এরপর শব্দদানব মডিফায়েড সাইলেন্সার পাইপ খুলিয়ে বাইকের আসল সাইলেন্সার আনানো হয়। তা লাগিয়ে নিস্তার পান বাইক চালক। ইতিমধ্যে কালনা ট্রাফিক পুলিস গত কয়েকদিনে ১৬ জনকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার করে। চারজনকে বেপরোয়া গাড়ি চালানোর জন্য গ্রেপ্তার করে। এছাড়াও নভেম্বর মাসে ৭৯৪ জন ও চলতি মাসে ২০০জনকে হেলমেট না পরা, গাড়ির কাগজপত্র ঠিক না থাকা ও ট্রাফিক নিয়ম না মেনে গাড়ি চালানোর অভিযোগে জরিমানা করেছে পুলিস। ধারাবাহিক অভিযান চলবে বলে পুলিসের পক্ষ থেকে জানানো হয়েছে।



