Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কলকাতা-যশিডি প্যাসেঞ্জার ট্রেন ফের চালুর দাবি, রেল বোর্ডকে চিঠি কীর্তির

কলকাতা-যশিডি প্যাসেঞ্জার ট্রেন ফের চালুর দাবি, রেল বোর্ডকে চিঠি কীর্তির
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানকর: ৫৩১৩৯ কলকাতা-চিত্তরঞ্জন-যশিডি প্যাসেঞ্জার চালু করার ও মানকর স্টেশনে ট্রেনটির স্টপেজ দেওয়ার দাবি জানিয়ে রেল বোর্ডের চেয়ারম্যানকে চিঠি লিখলেন বর্ধমান-দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ। যাত্রীদের আশা, সাংসদের উদ্যোগে হয়তো চালু হতে পারে ট্রেনটি। রেল সূত্রে জানা গিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।  
Advertisement
কলকাতা-চিত্তরঞ্জন-যশিডি ট্রেনটির উপর বর্ধমান, পানাগড়, দুর্গাপুর এলাকার বাসিন্দারা নির্ভর করতেন। কিন্তু দীর্ঘদিন ধরে ট্রেনটি বন্ধ থাকায় তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে। পানাগড়ের বাসিন্দা বাপি সেন বলেন, ওই ট্রেনে রাতে কলকাতা থেকে কাজ করে ফিরতে সুবিধা হতো। কারণ, কলকাতার চিৎপুর স্টেশন থেকে রাত ১০টা ২৫ মিনিটে ট্রেনটি ছাড়ত। ব্যারাকপুর, ব্যান্ডেল হয়ে পানাগড়ে এসে পৌঁছত রাত দুটোর সময়। ট্রেনটি বন্ধ হয়ে যাওয়ায় ব্যারাকপুর থেকে বিকেল ৫টা ৩৭ মিনিটের ১২৩৮৩ আসানসোল সুপারফাস্ট ইন্টারসিটির উপর নির্ভর করতে হচ্ছে। ট্রেনটি চালু হলে সকলের সুবিধা হবে। যাত্রীরা জানান, দুর্গাপুর থেকে যশিডি যাওয়ার জন্য প্রতিদিন বাঘ এক্সপ্রেস রয়েছে রাত ১২টা ৩১ মিনিটে ও রাত ২টো ৪৫ মিনিটে রয়েছে মোকামা এক্সপ্রেস। কলকাতা-চিত্তরঞ্জন ট্রেনটি দুর্গাপুরে আসত রাত ২টো ১৫ মিনিটে। বাকি দু’টি ট্রেন দূরপাল্লার হওয়ায় যাত্রীদের ভিড় বেশি থাকে। ফলে স্থানীয় যাত্রীরা যশিডি যেতে কলকাতা-চিত্তরঞ্জন ট্রেনটির উপরেই নির্ভর করতেন। ফিরতি পথে ওই ট্রেনটি পানাগড়ে আসত সকাল ১০টা ১৭ মিনিট। অনেক যাত্রীই বর্ধমান, ব্যান্ডেল, নৈহাটি যেতে ওই ট্রেনের উপর নির্ভর করতেন। কারণ, পানাগড় থেকে সকাল ৮টা ২৬ মিনিটে ময়ূরাক্ষী এক্সপ্রেসের পর সরাসরি ব্যান্ডেল যাওয়ার জন্য দুপুর ৩টা ১৪ মিনিটের হুল এক্সপ্রেস ছাড়া অন্য ট্রেন নেই। মানকরের বাসিন্দা অশোককুমার চক্রবর্তী বলেন, এলাকার অনেকেই ওই ট্রেনে দেওঘরের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মন্দিরের একটি বাবা বৈদ্যনাথ মন্দির, নন্দন পাহাড়, অনুকুল ঠাকুরের সৎসঙ্গ আশ্রমে নিয়মিত যেতেন। তাছাড়া সরাসরি ব্যারাকপুর, নৈহাটি যাওয়ার কোনও ট্রেন এখানে থামে না। ট্রেনটি চালু হলে এবং মানকরে স্টপেজ দিলে এলাকার মানুষ উপকৃত হবে। কীর্তি আজাদ জানান, ইতিমধ্যেই রেল বোর্ডের কাছে ট্রেনটি চালুর দাবি জানানো হয়েছে। চিঠিতে নিত্যযাত্রী ও তীর্থযাত্রীদের কথা উল্লেখ করে মানকরে স্টপেজের দাবিও করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ