Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কলকাতায় কাজে গিয়ে মুর্শিদাবাদের শ্রমিকের মৃত্যু

কলকাতায় কাজে গিয়ে মুর্শিদাবাদের শ্রমিকের মৃত্যু
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: কলকাতায় কাজে গিয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের এক শ্রমিকের। মৃতের নাম সাবিরুল ইসলাম (৪৫)। বাড়ি ভগবানগোলা থানার বেলিয়া চকপাড়ায়। শনিবার গভীর রাতে মৃতদেহ গ্রামে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে। মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি ঠিকাদার সংস্থার অধীনে নির্মাণ শ্রমিকের কাজ নিয়ে ওই ব্যক্তি গত বুধবার কলকাতায় যান। বৃহস্পতিবার থেকেই কাজে যোগ দেন। শনিবার সকালে সহকর্মীরা কাজে যাওয়ার জন্য ডাকতে এসে দেখেন সাবিরুল ইসলাম বিছানায় অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। তাড়াতাড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতের আত্মীয় মজিবুর রহমান বলেন, সাবিরুল দীর্ঘদিন রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করত। মৃত্যুর তিনদিন আগে কলকাতায় কাজে যায়। শনিবার দুপুরে খবর আসে মৃত্যু হয়েছে। খুব দুঃস্থ পরিবার। একমাত্র রোজগেরে ছিল। পরিবারে স্ত্রী, দুই ছেলেমেয়ে ও বিধবা মা রয়েছে। রাজ্য সরকার সাহায্যের হাত না বাড়িয়ে দিলে সংসারটা ভেসে যাবে। মৃতের মা পানু বেওয়া বলেন, সুস্থ ছেলে বাড়ি থেকে গেল। এই তিনদিনে কি এমন হল যে মৃত্যু হল?
Advertisement
সম্পর্কিত সংবাদ