Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কলকাতা হাইকোর্টের তৃতীয় বেঞ্চে পার্থদের জামিনের আর্জি খারিজ!

কলকাতা হাইকোর্টের তৃতীয় বেঞ্চে পার্থদের জামিনের আর্জি খারিজ!
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভাগ্যের শিকে ছিঁড়ল না। সিবিআইয়ের করা মামলায় পার্থ চট্টোপাধ্যায়দের জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের তৃতীয় বেঞ্চ। মঙ্গলবার বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চ জামিনের আর্জি খারিজ করে জানিয়েছে, ‘আইন অনুযায়ী জামিন নিয়ম আর জেল ব্যতিক্রম। তবে এটি খুবই গুরুত্বপূর্ণ অভিযোগ। অযোগ্যরা শিক্ষক হয়ে স্কুলে গেলে সমগ্র শিক্ষাব্যবস্থার সামগ্রিক অবনতি হয়।’ আদালতের এই নির্দেশের ফলে পার্থ ছাড়াও কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য এবং অশোককুমার সাহা আপাতত এই মামলা থেকে নিষ্কৃতি পাচ্ছেন না। 
Advertisement
এদিন বিচারপতি চক্রবর্তী পর্যবেক্ষণে আরও বলেন, ‘সততার সঙ্গে পরীক্ষা দিয়ে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি দিতে রাজ্য চুপ। তাই বুঝতে হবে অভিযুক্তদের সঙ্গে রাজ্যের এখনও সম্পর্ক রয়েছে।’ 
এর আগে পার্থদের জামিন নিয়ে দুই বিচারপতির দ্বিখণ্ডিত রায় আসায় তৃতীয় বিচারপতি হিসাবে মামলাটি আসে বিচারপতি চক্রবর্তীর এজলাসে। এদিন বিচারপতি সিংহ রায়ের সঙ্গে সহমত পোষন করে পার্থ চট্টোপাধ্যায়দের জামিনের আবেদন খারিজ করেছেন বিচারপতি চক্রবর্তী।
এদিকে, এদিন নিয়োগ দুর্নীতির মামলায় নিম্ন আদালতে ধমক খেতে হল ইডিকে। এই মামলায় ডিসেম্বরের মধ্যে চার্জ গঠন করার কথা বলেছে শীর্ষ আদালত। কিন্তু চার্জ গঠনের আগে বেশ কয়েকজন অভিযুক্তের আইনজীবী মামলা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নথি পাচ্ছেন না বলে অভিযোগ। তা শুনেই ইডিকে বিচারক বলেন, ‘আপনাদের জন্যই দেরি হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে সবাইকে নথি দিয়ে আসবেন।’ বিচারকের নির্দেশ, আজ বুধবার দুপুর আড়াইটার মধ্যে মোট ৫৪ জন অভিযুক্তকে  নথি দিয়ে দিতে হবে। এছাড়াও বিচারক জানিয়েছেন, ছুটির মধ্যেই এই মামলার শুনানি চলবে। বড়দিন এবং রবিবার ছাড়া অন্য দিন শুনানি হবে।
সম্পর্কিত সংবাদ