Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কলকাতায় বসেই বালুরঘাট পুরসভার চেক জালিয়াতি

কলকাতায় বসেই বালুরঘাট পুরসভার চেক জালিয়াতি
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: কলকাতাতে বসেই জাল করা হয়েছিল ব্যাঙ্কের চেক। তারপর তিনধাপে তুলে নেওয়া হয় বালুরঘাট পুরসভার প্রায়  সাড়ে ১৪ লক্ষ টাকা।
Advertisement
গত বুধবারের সেই ঘটনার পর তদন্তে নেমে বালুরঘাট সাইবার থানার পুলিস এমনটাই মনে করছে। পুলিস সূত্রে খবর, ওই তিনটি চেক ব্যবহার করে কলকাতা ও লাগোয়া দুটি ব্রাঞ্চ থেকে টাকা তোলা হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, জাল করা তিনটি চেকে দু’রকম সই করা ব্যক্তি একজনই। তাই এখন চেকে সই করা ব্যক্তির খোঁজ শুরু হয়েছে। 
ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ রবিবার বলেছেন, তদন্ত অনেকটাই এগিয়েছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত অপরাধী ধরা পড়বে।
পুলিস সূত্রে খবর,বালুরঘাট পুরসভার ওই অ্যাকাউন্ট সেভাবে ব্যবহার হয় না। সেজন্যই হয়তো সেদিকে নজর গিয়েছিল প্রতারকদের। তিনটি চেকের নম্বর ও সই, সিল জাল করে তিনবারে প্রায় সাড়ে ১৪ লক্ষ টাকা তুলে নেওয়া হয়। অথচ তিনটি আসল চেক পুরসভার কাছেই রয়েছে। কীভাবে চেকের নম্বর, কোড, সিল ও সই জাল করা হল, তা নিয়েই বাড়ছে রহস্য। পুলিসের অনুমান, বালুরঘাট পুরসভা কিংবা ব্যাঙ্কেরই কেউ জড়িত। তবে এর জাল ভিনজেলাতেও ছড়িয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে। 
জালিয়াতির ঘটনা সামনে আসার পর থানায় অভিযোগ করে চেক নকল করার বিষয়টি প্রথম সামনে এনেছিলেন পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। তদন্তে নেমে পুরসভা ও ব্যাঙ্কের আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করে বালুরঘাট থানার পুলিস। তবে কলকাতায় বসেই এই চক্র অপারেশন চালাচ্ছে বলে পুলিস কার্যত নিশ্চিত। দ্রুত এই চক্রের মাথাকে ধরা হবে বলে জানিয়েছে পুলিস।
সম্পর্কিত সংবাদ