নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতায় থেকে বিদায় নিয়েছে শীত। তবে ঠান্ডা পাততাড়ি গোটাতেই কলকাতাসহ দক্ষিণবঙ্গজুড়ে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আজ সকাল থেকেই আকাশ রয়েছে মেঘলা। পাশাপাশি, বেলা বাড়লে বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। গতকালও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিকেলের পর শুরু হয় বৃষ্টিপাত।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মোতাবেক আজ, বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩০ ডিগ্রি ও ২৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৩.৪ ডিগ্রি। কলকাতা শহরের প্রেক্ষিতে বিচারে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়নি। যদিও শহরতলিতে বিকেলের পর বৃষ্টিপাত হয়েছে।
হাওয়া অফিসের রিপোর্ট মোতাবেক, আজ দমকা ঝোড়ো বাতাস বইতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি জেলাতে। পাশাপাশি কলকাতা ও শহরতলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্যদিকে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। পূর্বাভাস মোতাবেক, দার্জিলিংয়ের পাহাড়ি অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা থাকছে।