নিজস্ব প্রতিনিধি, আসানসোল: কলেজের ফান্ড শিক্ষামূলক কর্মকাণ্ড ছাড়া ব্যবহার করা যাবে না। শনিবার গর্ভনিং বডির মিটিংয়ে বার্তা দিলেন খান্দরা কলেজের গর্ভনিং বডির সভাপতি তথা মন্ত্রী মলয় ঘটক। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে ন্যাকের টিম আসতে চলেছে কলেজে। তার প্রস্তুতি নিয়েই মূলত এদিন আসানসোল সার্কিট হাউসে আলোচনা হয়। জানা গিয়েছে, কলেজ কর্তৃপক্ষের একটি অংশ চাইছিল, কলেজের ফিক্সড ডিপোজিট ভেঙে দিয়ে পারিকাঠামো উন্নয়ন সহ অন্যান্য কাজে টাকা খরচ করা হোক। কিন্তু, মন্ত্রী সহ একাংশ তাতে আপত্তি তোলেন। কোনও কলেজে ন্যাকের স্বীকৃতি সেই কলেজের মর্যাদা অনেকখানি বৃদ্ধি করে। ন্যাকের টিম আসার আগেই এডিডিএর আর্থিক খরচে কলেজের বেশ কিছু উন্নয়নমূলক কাজ করা হয়েছে। এছাড়া বিভিন্ন সংস্থার সিএসআর ফান্ড থেকেও কলেজের বহু উন্নয়ন ঘটানো হয়েছে। এই অবস্থায় হঠাৎ করে কেন একটি অংশ কলেজের গচ্ছিত টাকায় হাত দিতে চাইছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।
Advertisement
মলয়বাবু বলেন, ন্যাকের টিম আসার আগেই এডিডিএ ও সিএসআর ফান্ড থেকে কলেজকে সাজিয়ে তোলা হচ্ছে। কোনওভাবেই কলেজের ফান্ড ভেঙে অন্য কাজ করা যাবে না। তা জানিয়ে দেওয়া হয়েছে।



