সংবাদদাতা, শিলিগুড়ি: দুর্গাপুজো, কালীপুজোর মতো শিলিগুড়িতে জগদ্ধাত্রী পুজোতেও থিমের প্রতিযোগিতা। শিলিগুড়ির কলেজপাড়া জগদ্ধাত্রী পুজো কমিটি এবার তাদের চতুর্থ বর্ষে পুজোর থিম করেছে সতীর ৫১পীঠ। শিলিগুড়ির আরএকটি জগদ্ধাত্রী পুজো কমিটি আলিঙ্গনের পুজো এবার ১৫তম বর্ষে পদার্পন করেছে। প্রতিবারের মতো এবারও তারা বড় মাপের পুজোর আয়োজন করেছে। শিলিগুড়ি জংশন রেলওয়ে ইনস্টিটিউট মাঠে মায়াপুরের ইসকন মন্দিরের আদলে বিরাট মণ্ডপ তৈরি হয়েছে। বুধবার সেই মণ্ডপের উদ্বোধন করেছেন শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব। অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও। আলিঙ্গনে নজর কাড়ছে শিলিগুড়ির কুমোরটুলির প্রতিমা। পাশাপাশি প্রতিবারের মতো আলোকসজ্জাতেও রয়েছে চমক।
Advertisement
শিলিগুড়ি কলেজ সংলগ্ন রাস্তার পাশে এবারও পুজো করছে শিলিগুড়ির কলেজপাড়া জগদ্ধাত্রী পুজো কমিটি। রয়েছে থিমের ছোঁয়া। বুধবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই পুজো কমিটির সভাপতি মদন ভট্টাচার্য বলেন, জগদ্ধাত্রী পুজো বলতে সকলেই চন্দননগরের কথা জানেন। ধীরে ধীরে শিলিগুড়িতেও জাকজমকভাবে জগদ্ধাত্রী পুজোর সংখ্যা বেড়েছে। জগদ্ধাত্রী পুজোর জন্য চন্দননগর প্রসিদ্ধ বা বিশেষ পরিচিতি থাকলেও শিলিগুড়িতেও জগদ্ধাত্রী পুজো যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে। সেকথা মাথায় রেখে এবার আমাদের পুজোর থিম সতীর ৫১পীঠ। মণ্ডপ ও আলোকসজ্জা চন্দননগরের পুজোর অনুকরণে তৈরি হচ্ছে। আলোকসজ্জা থাকছে চন্দননগরের। থাকছে ২১ ফুট উচ্চতার জগদ্ধাত্রী প্রতিমা। ৫১পীঠের প্রসঙ্গে তিনি বলেন, মণ্ডপের দু’ধারে রাস্তার পাশে সতীর ৫১পীঠের প্রতিটি পীঠ তৈরি করা হবে। জগদ্ধাত্রী পুজো দেখতে এসে সতীর পীঠ দর্শন বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। এছাড়া জঙ্গল মহলের ধামসা মাদল নিয়ে আদীবাসী নৃত্য হবে। বৃহস্পতিবার পুজোর উদ্বোধন করবেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।



