Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কালজানি রেল সেতু থেকে পড়ে জখম পড়ুয়া

কালজানি রেল সেতু থেকে পড়ে জখম পড়ুয়া
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলা সদরের বাবুপাড়ায় কালজানি নদীর রেল সেতু থেকে পড়ে গিয়ে বুধবার দশম শ্রেণির এক পড়ুয়া গুরুতর জখম হয়। পড়ুয়ার নাম বিশ্বজিৎ সাহা। তার বাড়ি লাগোয়া কোচবিহার জেলার খোল্টায়। সে আলিপুরদুয়ার হাইস্কুলে পড়ে। জখমকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মুখে তিনটি সেলাই পড়েছে। 
Advertisement
এর আগেও ওই রেল সেতু থেকে পড়ে গিয়ে সপ্তম শ্রেণির এক পড়ুয়ার মৃত্যু হয়েছে। সেতু থেকে সাইকেল সহ নদীতে পড়ে গিয়ে এক ব্যক্তিরও মৃত্যু হয়েছে। এবার আরও এক পড়ুয়া ওই রেল সেতু থেকে গিয়ে জখম হল। 
শহরের বাবুপাড়ার পাশ দিয়ে বয়ে যাওয়া কালজানি নদীর উপর রেল সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রচুর মানুষ রোজ যাতায়াত করে। নদীর উল্টোদিকে কোচবিহারের খোল্টা ও মরিচবাড়ির প্রচুর পড়ুয়া রেল সেতু দিয়ে সাইকেল নিয়ে আলিপুরদুয়ার হাইস্কুল ও আলিপুরদুয়ার গার্লস হাইস্কুলে পড়তে আসে। কালজানিতে সড়ক সেতু না থাকাতেই কোচবিহারের ওসব এলাকার পড়ুয়া ও সাধারণ বাসিন্দারা আলিপুরদুয়ার শহরে আসতে রেল সেতু ব্যবহার করেন। বুধবার ফের আরও এক পড়ুয়া সেতু থেকে পড়ে গিয়ে জখম হওয়ার পর নড়েচড়ে বসেছে শহরের বিভিন্ন মহল। হাঁটাচলার জন্য ওই রেল সেতুর পাশ দিয়ে কালজানির উপর একটি ফুটব্রিজ তৈরির দাবি উঠেছে। 
আলিপুরদুয়ার হাইস্কুলের ক্লার্ক অনুপ চক্রবর্তী বলেন, স্কুলের পক্ষ থেকে ওই রেল সেতুর পাশ দিয়ে ফুটব্রিজ তৈরির দাবিতে একবার আলিপুরদুয়ারের ডিআরএম’কে দাবিপত্র দেওয়া হয়েছিল। কিন্তু রেল এ বিষয়ে উদাসীন। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য রাতুল বিশ্বাস বলেন, ফুটব্রিজের পাশাপাশি আমরা কালজানিতে সড়ক সেতু তৈরির দাবিও জানিয়ে আসছি বহুদিন ধরে। এটা হলে আলিপুরদুয়ারের সঙ্গে কোচবিহারের যোগাযোগ আরও প্রশস্থ হবে। 
আলিপুরদুয়ার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান বর্তমানে ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দীপ্ত চট্টোপাধ্যায় বলেন, এলাকার মানুষের সই নিয়ে ফুটব্রিজ তৈরির দাবিতে ডিআরএমের সঙ্গে দেখা করব। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা বলেন, লিখিত দাবিপত্র পেলে বিষয়টি ভেবে 
দেখা হবে।  
সম্পর্কিত সংবাদ