Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কালজানি ঘাটে শেডযুক্ত কংক্রিটের শ্মশানঘাট তৈরির দাবি

কালজানি ঘাটে শেডযুক্ত কংক্রিটের শ্মশানঘাট তৈরির দাবি
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার-১ ব্লকের পররপার গ্রাম পঞ্চায়েতের তপসিখাতা পাটকাপাড়ার কালজানি ঘাট। সেখানেই খোলা আকাশে শবদাহ চলছে। বর্ষায় শ্মশানবন্ধুদের জন্য মাথা গোঁজার শেড নেই। কংক্রিটের খুঁটিও নেই। ফলে বর্ষায় শবদাহ করতে গিয়ে কালঘাম ছুটে যায় ওই পঞ্চায়েতের সাতটি গ্রামের প্রায় সাত হাজার বাসিন্দার। এখানে শেডযুক্ত কংক্রিটের শ্মশানঘাট নির্মাণের দাবি তুলেছেন তাঁরা। 
Advertisement
কালজানি ঘাটের এই অব্যবস্থা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয়রা কেউ লিখছেন ‘মরেও শান্তি নেই’। কেউ আবার পাকা শ্মশানঘাট না হওয়ার জন্য প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন। কিন্তু তারপরেও এই সমস্যা কবে কাটবে তা পররপার পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা কেউ জানেন না। স্থানীয় বাসিন্দা দীপক রায় বলেন, মূলত বর্ষার সময় খোলা আকাশে শবদাহ করতে সমস্যা হয়। নদীতে জল বাড়লে শবদাহ করার জন্য নিয়ে আসা সব সামগ্রী ভেসে যায়। এখানে শ্মশানবন্ধুদের শেড সহ কংক্রিটের শ্মশানঘাট হলে খুবই ভালো হয়। 
পররপার গ্রাম পঞ্চায়েতের নেতার চৌপথি, পাকুড়িতলা, ডাঙাটারি, মহাকালপাট, ধনীরটারি, সাহাপাড়া ও পাটকাপাড়া। এই সাতটি গ্রামের বাসিন্দারা কালজানি নদীর ঘাটে খোলা আকাশের নীচেই দীর্ঘদিন ধরে শবদাহ করে আসছেন। স্থানীয় বিদ্যুৎ দাস বলেন, গ্রামগুলি থেকে আলিপুরদুয়ার শহর অনেকটাই দূরে। গ্রামের মানুষের পক্ষে মোটা টাকা খরচ করে শহরে গিয়ে বিদ্যুৎ চুল্লিতে শবদাহ সম্ভব নয়। প্রশাসনকে বার বার বলেও এখানে শেডযুক্ত কংক্রিটের শ্মশানঘাট হচ্ছে না। 
পঞ্চায়েত সমিতির সদস্যা মামনি বর্মন অবশ্য বলেন, কালজানি ঘাটে শ্মশানঘাট তৈরির বিষয়টি সমিতিতে জানানো হয়েছে। এখানে শেডযুক্ত কংক্রিটের শ্মশানঘাট তৈরি হলে সত্যি ভালো হয়। একই কথা বলেন এলাকার পঞ্চায়েত সমিতির আরএক সদস্যা মরমি রায়ও। 
এলাকার বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন, বিষয়টি আমিও শুনেছি। খুব শীঘ্রই স্থানীয় প্রধান ও পঞ্চায়েত সদস্যদের নিয়ে কালজানি ঘাট পরিদর্শন করব। তারপর কী করা যায় দেখছি।
সম্পর্কিত সংবাদ