নিজস্ব প্রতিনিধি, আসানসোল: কলেজ ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে ফেরার চার যুবকের খোঁজে হন্যে হয়ে ঘুরছিল পুলিসের একাধিক টিম। অভিযুক্তরা যেখানেই গিয়েছে পিছু নিয়েছে পুলিস। অবশেষে তাড়া খেয়ে আদালতে আত্মসমর্পণ করল অভিযুক্তরা। বুধবার আসানসোল আদালতে আত্মসমর্পণ করেন বিহারীনাথে কলেজ ছাত্রীকে মাদক খাইয়ে গণধর্ষণ কাণ্ডের অভিযুক্তরা। অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানায় পুলিস। যদিও বিচারক অভিযুক্তদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। ডিসি ধ্রুব দাস বলেন, অভিযুক্তদের ধরতে আমাদের টিম একাধিক রাজ্যে গিয়েছিল। যেখানেই তারা লুকানোর চেষ্টা করেছে, আমাদের পুলিস সেই এলাকার খোঁজ পেয়েছে। শেষে তারা আদালতে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। অভিযুক্তদের জেরা করে আরও অনেক তথ্য জানা যাবে।
Advertisement
অভিযুক্তদের আইনজীবী অভিজিৎ রায় বলেন, অভিযুক্তদের আদালতে আত্মসমর্পণ করানো হয়েছে। পুলিস ১০ দিনের জন্য নিজেদের হেফাজতে চাওয়ার আর্জি জানায়। আবেদনের পদ্ধতিগত ত্রুটি থাকায় বিচারক অভিযুক্তদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। ১৩ ফেব্রুয়ারি বিহারীনাথে গিয়ে গণধর্ষণের শিকার হওয়ার অভিযোগ তোলেন আসানসোলের এক কলেজ ছাত্রী। মেয়েটি দুর্গাপুরের বাসিন্দা হলেও হীরাপুর থানার এলাকার তার মামা বাড়ি। হীরাপুর থানার প্রেমনগরের অভিষেক বার্নওয়ালের সঙ্গে তাঁর ইনস্টাগ্রামে পরিচয় হয়। তারপরই প্রেম। অভিষেক ও তার তিন বন্ধুর সঙ্গে মেয়েটি নিজেদের মামার মেয়ে ও বন্ধবীকে নিয়ে ঘুরতে যায়। ১৩ ফেব্রুয়ারি সেখানে রিসর্টে সময় কাটানোর সময়েই মেয়েটি গণধর্ষণের শিকার হয় বলে অভিযোগ।



