সংবাদদাতা, কালিয়াগঞ্জ: মালদহের গাজোল থেকে কালিয়াগঞ্জের অপহৃত নাবালিকাকে উদ্ধার করার পাশাপাশি আশ্রয় দেওয়ার অভিযোগে দম্পতিকে গ্রেপ্তার করল পুলিস। জানা গিয়েছে, ধৃতদের নাম কৃষ্ণ মণ্ডল ও পম্পা মণ্ডল। তাঁরা গাজোলের বাসিন্দা। কালিয়াগঞ্জ থানার পুলিস ও স্থানীয় সূত্রে খবর, গত ৩১ ডিসেম্বর প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে তার পিসির বাড়িতে আশ্রয় নিয়েছিল নাবালিকা। পুলিস তাকে উদ্ধার করতে গেলে প্রেমিক পালিয়ে যায়। বৃহস্পতিবার নাবালিকাকে উদ্ধার করার পাশাপাশি দুই আশ্রয়দাতাকে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করা হয়। বিচারক ধৃতদের জামিন মঞ্জুর করেছেন। কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, অপহৃত নাবালিকাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। অপহরণ মামলার তদন্ত চলছে।



