Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কালিয়াগঞ্জে কুমোরটুলি গড়ার দাবি শিল্পীদের

কালিয়াগঞ্জে কুমোরটুলি গড়ার দাবি শিল্পীদের
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: কালিয়াগঞ্জ শহরে মাটির প্রতিমা গড়ার জন্য কোনও নির্দিষ্ট স্থান নেই। কালিয়াগঞ্জের আখানগরের পালপাড়ায় রাজ্যসড়কের দু’ধারে শিল্পীরা প্রতিমা গড়ছেন। এর জেরে রাস্তা সঙ্কীর্ণ হয়ে যাওয়ায় এলাকায় পথ দুর্ঘটনা বাড়ছে। যানবাহনের ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিমাও। অবিলম্বে সরকারি  জায়গায় কুমোরটুলি তৈরির দাবি জানিয়েছেন স্থানীয় মৃৎশিল্পীরা। 
Advertisement
মৃৎশিল্পী তাপস পাল বলেন, গত সপ্তাহে একটি টোটো যাত্রী সহ নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিমায় ধাক্কা দেয়। এতে অনেক ক্ষতি হয়েছে। ক্ষতিপূরণ চাওয়ার টোটো চালকের সঙ্গে স্থানীয় মৃৎশিল্পীদের মারপিট লেগে যায়। পরে পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। টোটো চালক ক্ষতিপূরণ না দিয়েই চলে যায়। 
সুজন হালদার নামে স্থানীয় বাসিন্দা বলেন, রাজ্য সড়কের ধারেই প্রতিমা রাখা হয়। সে কারণে রাস্তার ধার দিয়ে চলাচলে সমস্যা হয়। প্রায় ১ কিমি এলাকায় রাস্তার দু’ধারে সারি সারি করে প্রতিমা তৈরি করে রোদে দেওয়া হয়। এজন্য দুর্ঘটনা বাড়ছে। সমস্যা সমাধানে উদ্যোগী কালিয়াগঞ্জ পুরসভা। মূর্তি রাখার বিকল্প ব্যবস্থা দেখা হচ্ছে। রাস্তার ফুটপাত দখল মুক্ত করতে বৈঠক করবে পুরসভা।
কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান রামনিবাস সাহা বলেন, কিছুদিন আগেই এলাকায় গিয়ে শিল্পীদের ফুটপাত থেকে পিছিয়ে প্রতিমা রাখতে অনুরোধ করেছি। ফাঁকা মাঠে কুমোরটুলি তৈরির দাবি রয়েছে। সরস্বতী পুজোর পর মৃৎশিল্পীদের নিয়ে বসে সমাধান খোঁজার চেষ্টা হবে। এলাকার ১৩ জন শিল্পী সারাবছর প্রতিমা গড়েন। নির্দিষ্ট স্থান না থাকায় রাস্তার ধারেই ফাঁকা জায়গায় প্রতিমা গড়া হয়। এলাকার মৃৎশিল্পী পরিতোষ পাল বলেন, পুরসভা নির্দিষ্ট স্থান করে দিলে ভালো হয়।
এভাবেই রাস্তার ধারে প্রতিমা তৈরি করা হয়। -নিজস্ব চিত্র
সম্পর্কিত সংবাদ