Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কালীগঞ্জে কংগ্রেস নেতাকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ

কালীগঞ্জে কংগ্রেস নেতাকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: দলীয় নেতাকে মারধরের প্রতিবাদে শনিবার বিকেলে কালীগঞ্জ থানার মীরা ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস। পলাশী রেলগেট থেকে মীরা আরওপি পর্যন্ত প্রতিবাদ মিছিল করা হয়। থানার ওসির হাতে ডেপুটেশনও দেওয়া হয়। কংগ্রেসের অভিযোগ, গত ২ ডিসেম্বর কালীগঞ্জের কংগ্রেস নেতা মহম্মদ মাইনুল ইসলামকে ফাঁড়িতে তুলে এনে পুলিস মারধর করেছে। ওইদিন দুপুরে তিনি বাইকে বাড়ি ফিরছিলেন। তখন রাস্তায় দাঁড়িয়ে থাকা পুলিসের তিনি নাকি ছবি তোলেন। যা নিয়ে পুলিস আপত্তি জানায়। তারপর থানায় তুলে এনে মারধর করা হয়। সন্ধ্যায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। চিকিৎসার জন্য ওই কংগ্রেস নেতাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি হতে হয়েছিল। পুলিসের মারধরের সেই ঘটনার প্রতিবাদে শনিবার বিকেলে কংগ্রেসের তরফে বিক্ষোভ দেখানো হয়। যদিও পুলিসের তরফে মারধরের বিষয়টি অস্বীকার করা হয়েছে। কালীগঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি আবুল কাসাম বলেন, এটা নিন্দনীয় ঘটনা। মিথ্যা অভিযোগে আমাদের কর্মীকে পুলিস মারধর করছে। আমাদের কর্মীর ডান কান নষ্ট হতে বসেছে। পুলিসের মারধরের অধিকার নেই। তাই আমরা প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ করেছি। স্মারকলিপিও জমা দিয়েছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ