নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: বুধবার বিকেলে বিপুল পরিমাণ গাঁজা সহ তিন জনকে গ্রেপ্তার করল কালীগঞ্জ থানার পুলিস। ধৃতদের নাম সুমন মণ্ডল, সুজন মণ্ডল, প্রসেনজিৎ ঘোষ। প্রত্যেকের বাড়ি কৃষ্ণনগরে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে ৫২ কেজি গাঁজা বাজেয়াপ্ত হয়েছে। আজ বৃহস্পতিবার তাদের কৃষ্ণনগর আদালতে তোলা হবে। এদিন পলাশীর জানকিনগর উত্তরপাড়া এলাকায় জাতীয় সড়কের ওপর যৌথ অভিযান চালায় কৃষ্ণনগর পুলিস জেলার এসওজি গ্রুপ এবং মিরা আরওপির পুলিস। বিকেলের দিকে উত্তরবঙ্গ থেকে আসা একটি দশ চাকার লরি আটকানো হয়। পুলিস ওই লরিতে তল্লাশি শুরু করে। ড্রাইভার কেবিনে প্যাকেটে মোড়া অবস্থায় গাঁজা রাখা ছিল। সেখান থেকেই ওই গাঁজা বাজেয়াপ্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, এই বিপুল পরিমাণ গাঁজা উত্তরবঙ্গের কোচবিহার থেকে আনা হচ্ছিল। কৃষ্ণনগরে সেই গাঁজা সরবরাহ করার কথা ছিল। কৃষ্ণনগর পুলিস জেলার ডিএসপি মত্তাকিনুর রহমান বলেন, ‘কালীগঞ্জ থানার পুলিস এবং এসওজি যৌথভাবে অভিযান চালিয়ে ওই গাঁজা উদ্ধার করেছে। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।-নিজস্ব চিত্র



