Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কালীগঞ্জে ডাম্পারের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু, রাজ্য সড়ক অবরোধ

কালীগঞ্জে ডাম্পারের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু, রাজ্য সড়ক অবরোধ
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তেহট্ট: শুক্রবার সকালে ডাম্পারের ধাক্কায় এক মুরগি ব্যবসায়ীর মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ থানার পাঁচখালি মোড় এলাকায়। মৃতের নাম আসরাফ শেখ(৪১)। তাঁর বাড়ি পলাশীপাড়া থানার কুলগাছি এলাকায়। ঘটনার পর স্থানীয়রা ডাম্পারটি আটক করে চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। তাঁরা কুলগাছির বেতাই-পলাশী রাজ্য সড়ক ঘণ্টাখানেক অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে পুলিসি হস্তক্ষেপে অবরোধ ওঠে।
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, আসরাফ শেখ প্রতিদিনের মতো শুক্রবার সকালে মুরগি আনতে পলাশী যান। সেইসময় কালীগঞ্জের পাঁচখালি মোড়ের কাছে পলাশীর দিক থেকে আসা একটি ডাম্পার তাঁকে ধাক্কা মারে। তিনি ছিটকে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। কুলগাছিতে খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ শুরু হয়। এই ক্ষোভ থেকেই তাঁরা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের দাবি, ঘটনার পরে ঘাতক গাড়িটিকে আটক করা যায়নি। তাই গাড়িটিকে ধরে চালককে উপযুক্ত শাস্তি দিতে হবে। পুলিস ব্যবস্থা না নেওয়া পর্যন্ত অবরোধ চলবে।
অবরোধের খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। উপযুক্ত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলে অবরোধ ওঠে। রাজ্য সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ