সংবাদদাতা, কাটোয়া: ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ার। শনিবার সকালে কালীগঞ্জের চাঁদুরিয়া গ্রামের বসিন্দা ওই প্রৌঢ়া দোতলার ছাদে কাপড় মেলতে যান। ঘটনার পরই পরিবারের সদস্যরা তাঁকে রক্তাক্ত অবস্থায় কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিস জানিয়েছে, মৃতার নাম অতসী দাস(৫১)। তাঁর বাড়ি নদীয়া জেলার কালীগঞ্জ থানার চাঁদুরিয়া গ্রামে। জানা গিয়েছে, এদিন অতসীদেবী ছাদে কাপড় মেলতে যান। দোতলার ছাদ ঘেরা না থাকায় অতসীদেবী অসাবধানতাবশত নীচে পড়ে যান। তাঁর স্বামী বাড়িতেই ছিলেন। একমাত্র ছেলেও কর্মসূত্রে রাজস্থানে। প্রতিবেশীরা তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখে পরিবারের অন্যান্য সদস্যদের খবর দেন। তাঁকে তড়িঘড়ি কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। এদিন সেখানেই দেহের ময়নাতদন্ত করা হয়। মৃতার মামা জীবন বিশ্বাস বলেন, আসলে উনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন।



