Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কালিয়াগঞ্জ বইমেলায় ২৯ লক্ষের ব্যবসা 

কালিয়াগঞ্জ বইমেলায় ২৯ লক্ষের ব্যবসা 
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে প্রবাদপ্রতিম লেখকদের ছাপিয়ে গেল রকমারি কেরিয়ার গাইডেন্স বই। রবিবার উত্তর দিনাজপুর জেলা বইমেলার শেষদিনে বই বিক্রির এমনই তথ্য উঠে এল জেলা গ্রন্থাগার দপ্তর সূত্রে। পরিসংখ্যান বলছে, সাতদিন ধরে চলা এই বইমেলায় বিক্রি হয়েছে প্রায় ২৯ লক্ষ টাকার বই। যার বেশিরভাগটাই চাকরির প্রস্তুতি নেওয়া কর্মপ্রার্থীদের জন্য প্রকাশিত বই।
Advertisement
গত ৩০ ডিসেম্বর কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী স্কুলের মাঠে জেলা বইমেলা শুরু হয়। তবে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণের জন্য অনাড়ম্বরভাবেই বইমেলার সূচনা হয়। পরে ২ জানুয়ারি থেকে বইমেলা চত্বরে রকমারি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। প্রথমদিন থেকেই মানুষের ভিড়ে জমজমাট ছিল বইমেলা। বইমেলা আয়োজক হিসেবে জেলা গ্রন্থাগার দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, সাতদিনে ২ লক্ষাধিক বইপ্রেমীর ভিড় জমে মেলা প্রাঙ্গনে। 
জেলা গ্রন্থাগার আধিকারিক দেবব্রতকুমার দাস বলেন, সাতদিনে মোট প্রায় ২৯ লক্ষ টাকার বই বিক্রি হয়েছে। যার মধ্যে জেলার ৫৪ টি গ্রন্থাগার কর্তৃপক্ষ মোট  ৮ লক্ষ ১৫ হাজার টাকার বই কিনেছে। সিংহভাগ বই চাকরিপ্রার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির বই। তাঁর কথায়, এবার গত কয়েক বছরের তুলনায় রেকর্ড টাকার বই বিক্রি হয়েছে।
মেলার একটি স্টলের দোকানদার রূপকুমার মাইতি বলেন, আমাদের স্টলে বহু প্রকাশন সংস্থার গল্পের বই বিক্রি হয়। তার মধ্যে ভূতের গল্পের বই অনেকটাই বেশি বিক্রি হয়েছে। লেখকদের নাম ধরে অনেক পাঠক বই চাইছেন। আমরা এবারই প্রথম এই মেলায় এসেছি। খুব ভালো অভিজ্ঞতা হল। তবে কিছু কিছু প্রকাশন সংস্থা হতাশ হয়েছে। মেলায় স্টল দেওয়া এমনই একটি প্রকাশনা সংস্থা জানায়, তাদের বিক্রিবাটা ভালো হয়নি। 
বইমেলায় লিটল ম্যাগাজিন, স্বনির্ভর গোষ্ঠী, রায়গঞ্জ হেড পোস্ট অফিস, জেলা শিল্প কেন্দ্রর স্টলে মানুষের ভিড় ছিল।
রায়গঞ্জ হেড পোস্ট অফিসের এক কর্মী জানান, বইমেলায় এবারই প্রথম স্টল দিয়েছি আমরাম। স্টল থেকে আমরা এবার ৫ বছর পর্যন্ত শিশুদের নতুন আধার কার্ড তৈরি ও ফোন নম্বর সংযোগের কাজ করেছি। সাতদিন অন্তত ৫০০ শিশুর আধার সংক্রান্ত কাজ হয়েছে। এছাড়াও ডাকটিকিট, স্ট্যাম্প, গঙ্গাজল, পোস্ট অফিসের স্মৃতি বিজড়িত গেঞ্জিও বিক্রি হয়েছে।
সম্পর্কিত সংবাদ