নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: মঙ্গলবার সন্ধ্যায় কালীগঞ্জের দেবগ্রাম এলাকায় গৃহবধূকে গলায় ফাঁস দিয়ে খুনের অভিযোগ উঠেছে। মৃতার নাম শ্রাবণী বিবি (২১)। বুধবার বধূর বাপেরবাড়ির লোকজনের তরফে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগরে পাঠানো হয়। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী সহ পরিবারের লোকজন পলাতক।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চার বছর আগে শ্রাবণীর সঙ্গে দেবগ্রামের মহম্মদ বাপ্পার বিয়ে হয়। গৃহবধূর বাপের বাড়ি থানারপাড়া এলাকায়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে অশান্তি লেগে থাকত। মঙ্গলবার সন্ধ্যায় বাপেরবাড়ির লোকজনের কাছে খবর যায়, সিলিং ফ্যান পড়ে শ্রাবণীর মৃত্যু হয়েছে। তাঁরা সঙ্গে সঙ্গে সেখানে আসেন। শ্রাবণীর শরীরে আঘাতের চিহ্ন দেখে বুঝতে পারেন, তাঁকে খুন করা হয়েছে। পাশাপাশি গলাতেও আঘাতের চিহ্ন ছিল। সেইমতো বধূর বাবা তৈমুর খান কালীগঞ্জ থানায় খুনের অভিযোগ করেন।



