নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: বধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তাঁর প্রেমিকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনলেন স্বামী। সম্প্রতি বহরমপুরের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থায় কালীগঞ্জ থানার ভরতপুরের ওই বধূর মৃত্যু হয়েছে। তাঁর স্বামী অচিন্ত্য বিশ্বাসের অভিযোগ, ওই যুবক তাঁর স্ত্রীর প্রেমিক ছিল। সে তাঁর স্ত্রীর কাছ থেকে সোনার গয়না ও নগদ টাকা আদায় করেছে।
Advertisement
পুলিস জানিয়েছে, ২৬ ফেব্রুয়ারি ওই বধূকে অসুস্থ অবস্থায় বহরমপুর জেলা হাসপাতালে ভর্তি করেন শ্বশুরবাড়ির লোকজন। চিকিৎসকরা জানান, ওই বধূ বিষপান করেছেন। অবস্থার অবনতি হলে তাঁকে একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। অচিন্ত্যবাবুর অভিযোগ, এরপর স্ত্রীর হোয়াটসঅ্যাপ চেক করে এই যুবকের সঙ্গে নিয়মিত কথোপকথনের বিষয়টি জানতে পারেন। ওই যুবক তাঁর স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়েছিল। সেইমতো ওই বধূর কাছ থেকে নগদ টাকা ও সোনার গয়না আদায় করে। কিন্তু তারপর সে তাঁর স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখতে অস্বীকার করে। তাঁর স্ত্রী টাকা ও গয়না ফেরত চাইলে তা দিতেও রাজি হয়নি।



