সংবাদদাতা, কাঁথি: কেলেঘাই নদী সংস্কার ও মৎস্যজীবীদের সুরক্ষার দাবি উঠল মৎস্যজীবী সমাবেশে। সোমবার বিকেলে পটাশপুরের মংলামাড়োয় মৎস্যজীবী সমাবেশের আয়োজন করে পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরাম এবং সংগঠনের পটাশপুর-১ ব্লক শাখা কমিটি ও ভগবানপুর-১ ব্লক শাখা কমিটি। ‘জল বাঁচাও, মাছ বাঁচাও মৎস্যজীবী বাঁচাও’-এই শ্লোগানকে সামনে রেখে আয়োজিত এই সমাবেশের আয়োজন করা হয়। তার আগে একটি মিছিল এলাকা পরিক্রমা করে। সমাবেশে দেড় শতাধিক মৎস্যজীবী উপস্থিত ছিলেন। আলোচনায় উঠে আসে, বহুদিন ধরে কেলেঘাই নদী সংস্কার হয়নি। পাশাপাশি নদীর পাড়ে প্রচুর অবৈধ ইটভাটা, মাছের ভেড়ি গজিয়ে উঠেছে। কোথাও কোথাও নদী কচুরিপানায় আবদ্ধ হয়ে রয়েছে। এর ফলে জলনিকাশির ব্যাপক সমস্যা তৈরি হয়েছে। পাশাপাশি নদী ও সংলগ্ন খালের জলে পরচুলা ব্যবসায়ীদের বর্জ্য চুল ফেলায় জল দূষণের সমস্যাও রয়েছে। কেলেঘাই নদী ও কালীনগর খালের সংযোগকারী ভগবানপুরের খালগুলির জল নষ্ট করছে কচুরিপানা ও বর্জ্য চুল। এরফলে এলাকার মৎস্যজীবী ও কৃষিজীবীরা ব্যাপক সমস্যায় পড়ছেন। বারবার এব্যাপারে ব্লক প্রশাসন, জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনও কাজ হয়নি। ন্যাশনাল ফেডারেশন অব স্মলস্কেল ফিশ ওয়ার্কার্স ফোরামের সভাপতি প্রদীপ চট্টোপাধ্যায়, পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরামের সভাপতি দেবাশিস শ্যামল বলেন, দাবিদাওয়াগুলিকে সামনে রেখে আন্দোলন জারি থাকবে। দাবি না মিটলে বৃহত্তর আন্দোলনের পথে যাব।



