সংবাদদাতা, আলিপুরদুয়ার: কালচিনির মধু চা বাগানে এখন পাতা তোলার কাজ বন্ধ। সেজন্য মালিকপক্ষ মধু বাগানের অস্থায়ী ৪০ জন শ্রমিককে তাদের নিজেদেরই অন্য একটি বাগান নিমতিঝোরায় স্থানান্তর করেছে। কিন্তু মধু বাগানের ওই শ্রমিকরা দূরবর্তী নিমতিঝোরা বাগানে যেতে নারাজ। এই স্থানান্তরের বিরুদ্ধে মধু বাগানের ওই শ্রমিকরা শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বাগানের সামনে কালচিনি-হাসিমারা রাজ্য সড়ক অবরোধ করে। টানা তিন ঘণ্টা অবরোধের জেরে ওই রাজ্য সড়কে তীব্র যানজট হয়। পরে মালিকপক্ষ ও হাসিমারা ফাঁড়ির পুলিস গিয়ে শ্রমিকদের কোনওরকমে বুঝিয়ে অবরোধ তুলে দিলে পরিস্হিতি স্বাভাবিক হয়। আট বছর বন্ধ থাকার পর ২০২২ সালে খোলে মধু বাগান। ওই বাগানের ম্যানেজার কল্লোল সেনগুপ্ত বলেন, মধু বাগানে এখন পাতা তোলা হচ্ছে না। সেজন্যই ৪০ জন শ্রমিককে আমাদের নিমতিঝোরা বাগানে পাঠানো হয়েছে। দু’টি বাগানই তো আমাদের। ফলে শ্রমিকদের মজুরি পেতে কোনও সমস্যা হওয়ার কথা নয়।



