সংবাদদাতা, কালিয়াচক: বিডিওর নাম করে প্রধানের বিরুদ্ধে টাকা চাওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর তদন্তের নির্দেশ দিয়েছিলেন মালদহের জেলাশাসক। মঙ্গলবার প্রধানকে ডেকে পাঠিয়েছিলেন সদর মহকুমা শাসক। বুধবার অভিযোগকারীদের বক্তব্য শুনেছেন তিনি। এরই মধ্যে ফের বিডিওর নাম করে এক পঞ্চায়েত সদস্যের টাকা চাওয়ার অডিও ভাইরাল হয়েছে। অডিওর সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’। ঘটনাটি কালিয়াচক-৩ ব্লকের সেই কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের। এই পঞ্চায়েতের এক সদস্যের দিকে অভিযোগের তির। অডিও রেকর্ডিংয়ে স্পষ্ট, বিডিওর নাম করে ১০ হাজার টাকা চাওয়া হচ্ছে আবাস উপভোক্তার স্বামীর কাছ থেকে। যদিও টাকা চাওয়ার কথা অস্বীকার করেছেন ওই পঞ্চায়েত সদস্য। তাঁর বক্তব্য, অডিও রেকর্ডিংয়ে যে আওয়াজ শোনা যাচ্ছে, সেটি আমার নয়। যদিও অভিযোগকারী সুনীল বসাক বলছেন, আমার স্ত্রীর নামে ঘর এসেছে। দু’বার সার্ভে করেছেন ব্লকের আধিকারিক। চূড়ান্ত তালিকায় স্ত্রীর নাম থাকায় আমাকে পঞ্চায়েত সদস্য ফোন করে বিডিওর নাম করে ১০ হাজার টাকা দাবি করেন। আগেও আমার বাড়ি দু’বার এসেছিলেন। সেই সময় বাড়িতে ছিলাম না। এরপর তিনি বাড়ি থেকে ফোন নম্বর নিয়ে যান। ওই পঞ্চায়েত সদস্য বলেছেন, টাকা না দিলে স্ত্রীর নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ যাবে। পরের দিনই বিডিও অফিসে অভিযোগ করি। কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল আহাদ বলেন, এবিষয়ে জানা নেই। বিডিও সুকান্ত শিকদার জানিয়েছেন, টাকা চাওয়ার বিষয়টি শুনেছি। তবে লিখিত অভিযোগ পাইনি।



