সংবাদদাতা, কালিয়াচক: পুনর্বাসনের দাবিতে মঙ্গলবার কালিয়াচকের চৌরঙ্গীতে বিক্ষোভ দেখাল সম্মিলিত ফুটপাত ব্যবসায়ী সমিতি। এতে ১৫০ জন ফুটপাত ব্যবসায়ী উপস্থিত ছিলেন। ব্যবসায়ীদের দাবি, বৃহস্পতিবার স্থানীয় প্রশাসন তাঁদেরকে ফুটপাত থেকে উচ্ছেদ করেছে। এতে তাঁরা রুটিরুজি হারিয়েছেন। ব্যবসায়ী সমিতির সদস্য আব্দুল করিম বলেন, উচ্ছেদ অভিযানের পর থেকেই আমাদেরকে প্রতিনিয়ত সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। আমরা চাই সরকার আমাদেরকে পুনর্বাসন দিক। না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। উল্লেখ্য, বৃহস্পতিবার কালিয়াচকের চৌরঙ্গী এলাকায় উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। কয়েকশ ফুটপাত ব্যবসায়ীকে উচ্ছেদ করে চৌরঙ্গী এলাকাকে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে।



