Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কালাচাঁদ হাইস্কুল মাঠে শরীরচর্চার যন্ত্র খারাপ, সংস্কারের দাবিতে চিঠি

কালাচাঁদ হাইস্কুল মাঠে শরীরচর্চার যন্ত্র খারাপ, সংস্কারের দাবিতে চিঠি
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: বছর তিনেক আগে পুরাতন মালদহ শহরের কালাচাঁদ হাইস্কুল মাঠে শরীরচর্চা করার জন্য ছ’টি যন্ত্র বসিয়েছিল পুরসভা।  তার মধ্যে বেশকয়েকটি খারাপ হয়ে পড়ে  থাকায় এবার পুরসভাকে চিঠি দিলেন লাগোয়া ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বশিষ্ঠ ত্রিবেদী।
Advertisement
অভিযোগ, পুরসভার উদাসীনতার ফলে ট্রেডমিল, সাইকেল সহ অন্য সামগ্রী অকেজো হয়ে পড়ে রয়েছে। এতে সমস্যায় পড়ছেন প্রাতঃভ্রমণকারীরা। অনেকে ব্যায়াম করতে পারছেন না। অন্যদিকে, শহরের সিংহবাহিনী পার্কের সামনে ‘আই লাভ ওল্ড মালদহ’ সেলফি জোনও অব্যবস্থার জন্য বেহাল হয়ে পড়ে রয়েছে বলে অভিযোগ করেছেন একাংশ বাসিন্দা। সেখানে লাইটগুলি জ্বলছে না। সমস্যাগুলি জানিয়ে পুরসভাকে  চিঠি দিয়েছে বশিষ্ঠ।
তিনি বলেন, ২০২১ সালে পুরসভার প্রশাসক থাকার সময় যুব সমাজকে মাঠমুখী করতে ব্যায়ামের সরঞ্জামের ব্যবস্থা করেছিলাম। শহরে বিশ্ব বাংলা লোগো এবং সেলফি জোন করেছিলাম। পুরসভা নজর না দেওয়ায় বর্তমানে সেগুলি নষ্ট হচ্ছে। একই বিষয় নিয়ে আগে চিঠি দিলেও কাজ হয়নি। এবারও কিছু হবে না।
মঙ্গলবার কালাচাঁদ হাইস্কুল মাঠে দাঁড়িয়েছিলেন দেবজ্যোতি হালদার। তিনি আক্ষেপ করে বলেন, কয়েকটি যন্ত্র রয়েছে। সেগুলির নাম আমরা জানি না। কয়েক মাস সেগুলি ব্যবহার করতে পারছি না। এগুলি পুরসভার দেখা উচিত। 
পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, খোলা মাঠ বলে কেউ ভেঙে দিচ্ছে। বাউন্ডারি ওয়াল করার জন্য প্রস্তাব পাঠিয়েছি। মেরামতির বিষয়টি খতিয়ে দেখা হবে। 
৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার নির্মল অধিকারীর কথায়, পুরসভাকে মৌখিকভাবে জানালেও কাজ হয়নি। সবার স্বার্থে দ্রুত মেরামত করা প্রয়োজন।
সম্পর্কিত সংবাদ