Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কলাবনীর জঙ্গলে বাইক সহ যুবকের দেহ উদ্ধার, রহস্য

কলাবনীর জঙ্গলে বাইক সহ যুবকের দেহ উদ্ধার, রহস্য
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: রবিবার সকালে ঝাড়গ্রাম শহর লাগোয়া কলাবনীর জঙ্গল থেকে বাইকসহ এক যুবকের দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম শেখ সিরাজ আলি(২৪)। পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের নৃপেনপল্লি এলাকায় বাড়ি। যুবকের মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। দুর্ঘটনা না মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ আছে তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।    
Advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে সিরাজ বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। নির্দিষ্ট সময়ে রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। থানায় রাতেই নিখোঁজ ডায়েরি করা হয়। রবিবার সকালে জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দারা যুবকের দেহ পড়ে থাকতে দেখেন। বাইকটি দেহের পাশে পড়েছিল। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঝাড়গ্রাম থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে। তবে, যুবকের মৃত্যু দুর্ঘটনায় হয়েছে বলে মানতে পারছে না পরিবার। তাঁর কাকা শেখ মহিত আলি বলেন, রাত ৮টার সময় বাড়ি থেকে একবার সিরাজকে ফোন করা হয়েছিল। তখন তাঁর ফোন সুইচঅফ ছিল। রাত ১১টার পর বাড়ি না ফেরায় খোঁজখবর শুরু হয়। থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করি। এদিন সকালে মৃত্যুর খবর পেয়ে কলাবনীর জঙ্গলে ছুটে যাই। বাইকটি দেহের পাশে পড়েছিল। দুর্ঘটনা হলে বাইকটির অনেক ক্ষতি হতো। সেসবকিছু হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে মনে করছি। মৃতের এক বন্ধু বলেন, ও দীর্ঘদিন ধরে বাইক চালাচ্ছে। বেপরোয়া বাইক চালাত না। জঙ্গলের ভিতর দেহ পাওয়া যাওয়ায় সন্দেহ তৈরি হয়েছে। মৃত্যু রহস্যের কিনারা হোক। ঝাড়গ্রামের এসডিপিও শামিম বিশ্বাস বলেন, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।
সম্পর্কিত সংবাদ