নিজস্ব প্রতিনিধি, তমলুক: মঙ্গলবার চণ্ডীপুর ব্লকের বিজেপি পরিচালিত কুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে অনাস্থা ভোটে উপ সমিতিতে জয়ী হল তৃণমূল। ১৪ আসনের ওই গ্রাম পঞ্চায়েতে গত বছর টসের মাধ্যমে বোর্ড গঠন করেছিল বিজেপি। কিন্তু, বিজেপির পঞ্চায়েত সদস্যা লক্ষ্মী দোলই মিদ্যা তৃণমূলে যোগ দেওয়ায় ১৩ ডিসেম্বর শাসকদল উপসমিতিতে অনাস্থা আনে। মঙ্গলবার ভোটাভুটি ছিল। সেখানে ১৪ জন পঞ্চায়েত সমিতির পাশাপাশি তিন জন পঞ্চায়েত সমিতির সদস্যও ভোটার। তিন পঞ্চায়েত সমিতির সদস্যের মধ্যে দু’জন বিজেপি এবং একজন তৃণমূলের টিকিটে নির্বাচিত হয়েছিলেন। এদিন ভোটাভুটিতে ৯-৭ ব্যবধানে উপসমিতিতে জয়ী হয় তৃণমূল। বিজেপির এক পঞ্চায়েত সদস্যা এদিন অনুপস্থিত ছিলেন। আর এক সদস্যা আগেই তৃণমূলে যোগ দেন। আগামী ২ জানুয়ারি বিজেপি পরিচালিত দিবাকরপুর গ্রাম পঞ্চায়েতের উপসমিতিতে ভোটাভুটি হবে। সেখানেও অনাস্থা আনা হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব আশাবাদী, কুলবাড়ির মতো দিবাকরপুরেও অনাস্থা ভোটে হারবে বিজেপি। সব মিলিয়ে গেরুয়া শিবির খানিক ব্যাকফুটে।



