সংবাদদাতা, নাগরাকাটা: ডায়নার জঙ্গল থেকে বেরিয়ে আসা পূর্ণবয়স্ক সম্বর হরিণ কাবু করতে হিমশিম খেলেন বনকর্মীরা। মঙ্গলবার বিকেলে জঙ্গল থেকে সম্বরটি বেরিয়ে চলে আসে নাগরাকাটা ব্লকের ১ নম্বর আংরাভাসা গ্রাম পঞ্চায়েতের কলাবাড়ি চা বাগানের বাঁধ লাইনে। চা বাগানের সাগর ওরাওঁয়ের বাড়ির সামনে ঝোপে আশ্রয় নেয় সম্বরটি। এত বড় প্রাণী দেখে বাড়ির মহিলারা প্রথমে হকচকিয়ে যান। তারপর বনদপ্তরে খবর পাঠানো হয়। ঘটনাস্থলে আসে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড, নাথুয়া ও ডায়না রেঞ্জের বনকর্মীরা। সম্বরটিকে ধরে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের হাতে তুলে দেওয়া হয়। সন্ধ্যায় ডায়নার জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে নাথুয়ার রেঞ্জার শ্যামাপ্রসাদ চাকলাদার জানান।



