Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাল তমলুক কো-অপারেটিভ ব্যাঙ্কের ভোট, সরগরম তমলুক ও হলদিয়া

কাল তমলুক কো-অপারেটিভ ব্যাঙ্কের ভোট, সরগরম তমলুক ও হলদিয়া
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
 নিজস্ব প্রতিনিধি, তমলুক: কাল, রবিবার তমলুক কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ব্যাঙ্কের ভোট। এই ভোট ঘিরে তমলুক ও হলদিয়া মহকুমাজুড়ে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত মোট ১২টি কেন্দ্রে ভোট হবে। ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পর গণনা শুরু হবে। তৃণমূল এবং বিজেপি দু’দল বোর্ড দখলের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে। দু’দলই নির্বাচনী কমিটি গঠন করে জোরকদমে প্রচার চালিয়েছে। এই ভোট নির্বিঘ্নে সম্পন্ন করতে পর্যাপ্ত বাহিনী মোতায়েন করছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিস। অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার সকল প্রার্থীকে নিয়ে মিটিং করেছেন। ১২টি ভোটগ্রহণ কেন্দ্রের ২০০মিটার এলাকার মধ্যে কোনও রাজনৈতিক দল ক্যাম্প করতে পারবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ওই এলাকার মধ্যে কোনও নন ভোটার ব্যক্তিও ঢুকতে পারবে না।
Advertisement
২০২৩সালে ৮জুন তমলুক কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কের বোর্ডের মেয়াদ শেষ হয়েছে। তারপর দু’দফায় সমবায় দপ্তর মনোনীত বোর্ড চলছে। ভোটের দাবিতে হাইকোর্টে মামলা হয়। তার পরিপ্রেক্ষিতে গত ২আগস্ট ওই সমবায় ব্যাঙ্কের প্রতিনিধি(ডেলিগেট) নির্বাচন নিয়ে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হয়। মোট ৬৯টি আসন। মোট ভোটার সংখ্যা ৫৫হাজার ৪৭১জন। গত ১৮আগস্ট পর্যন্ত ব্যাঙ্কের মুখ্য কার্যালয়ে মনোনয়ন তোলা ও জমা হয়। তারপর দু’দফায় ওই ভোটের দিনক্ষণ পিছিয়ে যায়। প্রথম বিজ্ঞপ্তিতে ভোটগ্রহণ এবং ফল ঘোষণার পৃথক তারিখ উল্লেখ ছিল। পরবর্তীতে অবশ্য সেটা পরিবর্তন করে বিজ্ঞপ্তি দেওয়া হয়। ভোটের দিন প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে গণনা হবে। 
তমলুক ও হলদিয়া মহকুমাজুড়ে তমলুক কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কের মোট ১২টি শাখা রয়েছে। রাজ্যের মধ্যে কাঁথি কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কের পর লেনদেনের নিরিখে রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ওই ব্যাঙ্ক। এই ব্যাঙ্কের বোর্ডের ক্ষমতা দখল করতে মরিয়া তৃণমূল ও বিজেপি দু’দলই। বিজেপি নেতৃত্ব মোট ২১জনের নির্বাচনী কমিটি গড়েছে। দলের জেলা সাধারণ সম্পাদক মেঘনাদ পালকে সামনে রেখে এই লড়াইয়ে নেমেছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও দুই মহকুমার দলের সকল বিধায়ক, ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতিদের নিয়ে কমিটি গড়ে ভোটের দায়িত্ব বণ্টন করা হয়েছে। দলের নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় তমলুকে এসে সমবায় ভোট নিয়ে গাইডলাইন বেঁধে দিয়েছেন।
জানা গিয়েছে, পাঁশকুড়া ব্রাডলি বার্ট হাইস্কুল, চংশ্বরপুর হাইস্কুল, পূর্ণানন্দ বিদ্যাপীঠ, মল্লিকচক অমরস্মৃতি বিদ্যাপীঠ, ব্রজলালচক পূর্বপল্লি প্রাইমারি স্কুল এবং ডোরো কৃষ্ণনগর হাইস্কুল, দেউলিয়া হীরারামপুর হাইস্কুল, আটকিনা হাইমাদ্রাসা, কাঞ্চননগর দিয়ারুদ্দিন বিদ্যাভবন, খোদামবাড়ি হাইস্কুল, চৌখালি গঙ্গা পদ্মা মিলন কন্যা বিদ্যাপীঠ এবং মথুরী কল্যানিকা বিদ্যাভবনে ভোট হবে। বেলা ২টোয় ভোট শেষে গণনা শুরু হবে। প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রের সামনে তৃণমূল, বিজেপি এবং সিপিএমের পক্ষ থেকে ক্যাম্প তৈরি হয়েছে। ভোট ও গণনা উপলক্ষ্যে সর্বত্র টান টান উত্তেজনা তৈরি হয়েছে। 
তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি বোর্ড দখলের জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে। মেঘনাদ পালকে ব্যাঙ্কের মাথায় বসানোর স্বপ্ন অধরা থেকে যাবে। বিজেপির জেলা সাধারণ সম্পাদক মেঘনাদ পাল বলেন, ভোটে ঝামেলা পাকানোর যাবতীয় পরিকল্পনা করছে তৃণমূল। ভোটগ্রহণ কেন্দ্রের ২০০মিটার এলাকার মধ্যে কোনও দলের ক্যাম্প করা যাবে না বলে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার জানিয়েছেন। তারপরও তৃণমূল নন্দীগ্রামে ২০০মিটার এলাকার মধ্যে ক্যাম্প করছে। ঝামেলা করার প্ল্যান করছে। আমরা গোটা বিষয়টি নিয়ে হাইকোর্টে পিটিশন করেছি। হাইকোর্টের নির্দেশে এই নির্বাচন হচ্ছে।
সম্পর্কিত সংবাদ