সংবাদদাতা, রঘুনাথপুর: দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে আবার আগামী সোমবার থেকে রবিবার পর্যন্ত সপ্তাহব্যাপী কাজ হবে। যার জন্য ডিভিশনে আগামী ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত সাপ্তাহিক ব্লক নেওয়া হচ্ছে। ব্লকের জেরে চার জোড়া লোকাল ট্রেন চলাচল বিঘ্নিত হবে। এতে প্রচুর মানুষ অসুবিধায় পড়তে চলেছেন। তবে যাত্রীদের সুবিধার জন্য আদ্রা ডিভিশনের রেল প্রশাসনের তরফ থেকে প্রতিটি রেল স্টেশনে আগাম বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। রেলের তরফ থেকে জানানো হয়েছে, ৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা দৈনিক মেমু প্যাসেঞ্জার ট্রেনটি ৩ থেকে ৯ মার্চ পর্যন্ত চলাচল বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে ৬৮০৯০/৬৮০৮৯ আদ্রা-মেদিনীপুর দৈনিক মেমু প্যাসেঞ্জার ট্রেনটি ৩, ৭ ও ৯ মার্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। ৬৩৫৯৪/৬৩৫৯৩ আসানসোল-পুরুলিয়া দৈনিক প্যাসেঞ্জার ট্রেনটির ৩ ও ৮ মার্চ পরিষেবা বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি ১৮০১৯/১৮০২০ ঝাড়গ্রাম-ধানবাদ দৈনিক মেমু প্যাসেঞ্জার ট্রেনটি ৩ ও ৬ মার্চ বাতিল করা হয়েছে। ট্রেন বাতিলের পাশাপাশি ৬৮০৫৬/৬৮০৬০ টাটা-আসানসোল বরাভূম দৈনিক মেমু প্যাসেঞ্জার ট্রেনটি ৩, ৪ ও ৮ মার্চ আদ্রা পর্যন্ত চলাচল করবে। ওই দিনগুলিতে ট্রেনটির পরিষেবা আদ্রা-আসানসোলের মধ্যে বন্ধ থাকবে। এছাড়া ৬৩৫৯৪/৬৩৫৯৩ আসানসোল-পুরুলিয়া দৈনিক প্যাসেঞ্জার ট্রেনটি ৪, ৫, ৭, ৯ মার্চ আদ্রা পর্যন্ত চলাচল করবে। ওই দিনগুলি ট্রেনটির পরিষেবা আদ্রা-পুরুলিয়ার মধ্যে বন্ধ থাকবে।
Advertisement
নিত্যযাত্রী থেকে সাধারণ খেটে খাওয়া মানুষ এ ব্যাপারে তাঁদের ক্ষোভ জানিয়েছেন। সুবল কৈবর্ত্য, রূপক বন্দ্যোপাধ্যায় বলেন, সপ্তাহের নামে মাসের পর মাস ট্রেনগুলির পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। যে কয়টি লোকাল ট্রেন চলাচল করছে, তাদের সময় ঠিক নেই। মানুষের এখন লোকাল ট্রেনের উপর ভরসা উঠে গিয়েছে। হয়তো সরকারও চাইছে মানুষ লোকাল ট্রেন পরিহার করুক। তাহলে তাদের মুনাফা বাড়বে। বিভিন্ন সংগঠনের তরফ থেকে আবেদন নিবেদন করলেও কোনও কাজ হচ্ছে না।
আদ্রা ডিভিশনের ডিআরএম সুমিত নারুলা বলেন, যাত্রীদের সুবিধার জন্য কাজ করা হয়।
আদ্রা ডিভিশনের ডিআরএম সুমিত নারুলা বলেন, যাত্রীদের সুবিধার জন্য কাজ করা হয়।



