সংবাদদাতা, বোলপুর: কাল, সোমবার থেকে শুরু ঐতিহ্যবাহী পৌষ উৎসব ও মেলা। তার আগে শনিবার শান্তিনিকেতনের সেন্ট্রাল অফিসে জেলা প্রশাসনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করল বিশ্বভারতী কর্তৃপক্ষ। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয়কুমার সরেন সহ প্রশাসনিক আধিকারিকরা। বৈঠকের পর পৌষ উৎসব ও মেলার অনুষ্ঠান সূচি প্রকাশ করেন মন্ত্রী ও উপাচার্য। মেলা নিয়ে সাংবাদিক সম্মেলন করে বিশ্বভারতী। এবছর অনলাইনে স্টল বুকিংয়ের ব্যবস্থা করা হলেও অনিয়মের অভিযোগ তুলেছিলেন ব্যবসায়ীরা। এব্যাপারে প্রশ্ন করা হলে অধ্যাপক অরিন্দম চক্রবর্তী বলেন, যাঁরা বুকিং করেও স্টল পাননি তাঁদের বিষয়টি বিবেচনা করবে কর্তৃপক্ষ। প্রয়োজনে বিকল্প ব্যবস্থা হবে। মাটিতে পেতে বসা হস্তশিল্পী ও পটশিল্পীদের ভাড়া কম নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, বিশ্বভারতীর পৌষ উৎসব এখন শুধু বিশ্ববিদ্যালয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটা জেলা তথা রাজ্যের ঐতিহ্য বহন করে। তাই কবিগুরুর বিশ্ববিদ্যালয়কে সর্বতোভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে।



