নিজস্ব প্রতিনিধি, আসানসোল: অভিযুক্ত ‘পাবলিক সার্ভেন্ট’ কি না না জেনেই সিবিআইকে চার্জশিট তৈরি করতে অনুমোদন দিয়েছিলেন ইসিএলের তৎকালীন জেনারেল ম্যানেজার অজয়কুমার শর্মা! শুক্রবার আসানসোল সিবিআই আদালতে সাক্ষ্য দিতে এসেছিলেন তিনি। সাক্ষ্যগ্রহণ পর্বে তাঁর এই বয়ানে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তর আইনজীবীর জেরায় রীতিমতো বেকায়দায় পড়তে দেখা যায় ইসিএলের এই প্রাক্তন আধিকারিক তথা কয়লা কাণ্ডের গুরুত্বপূর্ণ সাক্ষীকে। কোনও সরকার বা সরকার পোষিত সংস্থার আধিকারিকের বিরুদ্ধে কোন. মামলার চার্জশিট দেওয়ার আগে সংশ্লিষ্ট সেই সংস্থার ঊধ্বর্তন কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হয়। সিবিআইয়ের দেওয়া নথি অনুযায়ী অভিযুক্ত ইসিএলের প্রাক্তন সিকিউরিটি ইনস্পেক্টর দেবাশিস মুখোপাধ্যায়ের অনুমোদন দিয়েছিলেন তৎকালীন ইসিএলের ঝাঁজরা এরিয়ার জেনারেল ম্যানেজার অজয়কুমার শর্মা। তিনি প্রথমে জানান, সিবিআইয়ের তদন্ত নথি দেখে নিজের বিষয়টি বিবেচনা করে এই অনুমোদন তিনি দিয়েছিলেন। কিন্তু অভিযুক্তর আইনজীবী শেখর কুন্ডুর জেরায় একাধিক চাঞ্চল্যকর মন্তব্য করে বসেন তিনি। শেখরবাবু তাঁকে প্রশ্ন করেন, আপনি অনুমোদন পত্রে উল্লেখ করেছেন ১৬১, ১৬৪ ধারায় রেকর্ড বয়ান দেখে তিনি সিদ্ধান্ত নেন। জানেন ১৬১, ১৬৪ ধারা কী? আপনি যে অভিযুক্তর বিরুদ্ধে চার্জশিট দেওয়ার অনুমোদন দিয়েছেন তাঁকে পিসি (প্রিভেনসেন অফ করাপসেন) অ্যাক্টে অভিযুক্ত করা হয়েছে। পিসি অ্যাক্ট জেনে কি আপনি অনুমোদন দিয়েছেন? সাক্ষী বলেন, এই সম্বন্ধে তাঁর কোনও ধারনাই নেই। তারপরই অভিযুক্তর আইনজীবী বলেন, আমার মক্কেল পাবলিক সার্ভেন্ট নন। তিনি একজন সামান্য কর্মী। এরপরও বিচারক রাজেশ চক্রবর্তী প্রশ্ন করেন, উনি যে পাবলিক সার্ভেন্ট, আপনি নিশ্চিত? সিবিআইয়ের সাক্ষী বলেন, তেমন কোনও নথি আমার কাছে নেই। সিবিআইয়ের আবেদনের ভিত্তিতে অনুমোদন দিয়েছি।



