Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কয়লা পাচারে গ্রামের রাস্তা প্রথম পছন্দ কারবারিদের

কয়লা পাচারে গ্রামের রাস্তা প্রথম পছন্দ কারবারিদের
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: পুলিসের চোখে ধুলো দিয়ে কয়লা পাচারের ছক! বদল হল রাস্তা! সেইসঙ্গে বদলে গেল বাহনও। গ্রেপ্তারি এড়াতে এখন প্রধান সড়ক ছেড়ে গ্রামের রাস্তা কয়লা পাচারকারীদের প্রথম পছন্দ। এক্ষেত্রে বড় গাড়ির বদলে ছোট গাড়ির ব্যবহার বাড়ছে। সেই তালিকায় গোরু ও মোষের গাড়ি, বাইক রয়েছে। নির্দিষ্ট সময়ে কম পরিমাণ ও পুলিসের নজর এড়িয়ে কয়লা পাচারই কারবারিদের মূল লক্ষ্য। সেজন্য স্বাভাবিকভাবেই রাজপথের পাশাপাশি গ্রামের রাস্তাতেও পুলিসি নজরদারি বাড়ানো হয়েছে। বীরভূম জেলা পুলিস কয়লা পাচারের কাজে ইতি টানতে কোমর বেঁধে মাঠে নেমেছে। ট্রাক ও ট্রাক্টরে করে কয়লা পাচার নতুন কোনও বিষয় নয়। তবে তাতে সহজেই পুলিসের নজরে পড়ে যায়। তাতেই বিপদ। অবৈধভাবে পাচার করতে গিয়ে বীরভূম জেলায় বহু কয়লা পাচারকারী পুলিসের জালে ধরা পড়েছে। পাচারের আগেই বিপুল পরিমাণ অবৈধ কয়লা বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও পুলিসের লাগাতার অভিযানেও পাচারকারীদের মনে ভয় ধরেনি। তারাও পুলিস প্রশাসনকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কয়লা পাচার করেই চলেছে। শুধু কৌশল বদল করছে। এখন পুলিসের নজর এড়াতে জাতীয় সড়ক ও রাজ্য সড়ক ছেড়ে গ্রামের রাস্তাই বেছে নিচ্ছে কয়লা পাচারকারীরা। বদল এসেছে পরিবহণের ক্ষেত্রেও। বড় ট্রাক ও ট্রাক্টরের পরিবর্তে গোরু, মোষের গাড়ি ব্যবহার হচ্ছে। সেইসঙ্গে বাইকেও চলছে কয়লা পাচার। তাতে পরিমাণে কম হলেও পুলিসের নজর এড়ানোই পাচারকারীদের মূল লক্ষ্য। একাধিক পুলিসি অভিযানে এই বিষয়টিই উঠে আসছে। তবে পাচারকারীদের এই কৌশলও পুলিসের নজর এড়াতে পারেনি।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ