সংবাদদাতা, কাঁথি: আগামীকাল, রবিবার থেকে খেজুরির হেঁড়িয়া শিবপ্রসাদ ইন্সটিটিউশন মাঠে সাতদিনের পূর্ব মেদিনীপুর জেলা বইমেলা হবে। ২০তম এই বইমেলার আয়োজক জেলা বইমেলা কমিটি। সহযোগিতায় রয়েছে জেলা প্রশাসন, জেলা পরিষদ, খেজুরি-১ পঞ্চায়েত সমিতি ও রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা পাবলিশার্স, বুকসেলার্স ও লিটল ম্যাগাজিন মিলিয়ে ৮০টি স্টল থাকছে। সূচনাপর্বে বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকা পরিক্রমা করবে। বইমেলার উদ্বোধন করবেন গ্রন্থাগার দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। সাতদিন ধরে সাতটি প্রতীকী দিবস উদযাপনের পাশাপাশি থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। সঙ্গে আলোচনা সভা, সাহিত্যবাসর, গ্রন্থ প্রকাশ সহ নানা কর্মসূচি। থাকছে আবৃত্তি, বিতর্ক, তাৎক্ষণিক বক্তৃতা, ক্যুইজ, অঙ্কন, নৃত্য, সঙ্গীত, নাটক প্রভৃতি। শিশু-কিশোর ও মহিলা পাঠকদের জন্য থাকছে মিকিমাউস, ফুডকোর্ট ও প্রসাধনীর সম্ভার। বড়ি, পিঠেপুলি ও হস্তশিল্প প্রদর্শনীও রয়েছে। জেলা গ্রন্থাগার আধিকারিক বিদ্যুৎ দাস বলেন, বইমেলার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। ‘ভাষা দিয়ে সম্প্রীতি গড়ব’ এই আঙ্গিকে হতে চলেছে বইমেলা। শেষ দিন ৭ডিসেম্বর বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা রয়েছে।



