সংবাদদাতা, মানকর: কাঁকসার গোপালপুরে একটি বহুতল আবাসনে বুধবার রাতে চুরির ঘটনা ঘটেছে। ওই আবাসন চত্বরে ছ’টি বিল্ডিং রয়েছে। অভিযোগ, দু’জন দুষ্কৃতী আবাসনের একাধিক বিল্ডিংয়ের কোলাপসিবল গেট খুলে ভিতরে ঢুকে চুরি করেছে। এঘটনায় আবাসিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে কাঁকসা থানার পুলিস পৌঁছে তদন্ত শুরু করেছে।এসিপি(কাঁকসা) সুমনকুমার জয়সওয়াল বলেন, দু’জন ওই আবাসনে ঢুকেছিল। আমরা আবাসিকদের সঙ্গে কথা বলেছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Advertisement
আবাসিকরা জানান, দু’জন নিরাপত্তারক্ষী রয়েছেন। তারপরও যেভাবে দুষ্কৃতীরা আবাসনের বিল্ডিংয়ে ঢুকেছে, তাতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রবীণ আবাসিক প্রবীর বন্দ্যোপাধ্যায় বলেন, এরকম ঘটনা আগে ঘটেনি। গভীর রাতে চোর ঢোকায় আমরা টের পাইনি। মনে হচ্ছে, বাড়িতে তালা দিয়েও আর কোথাও যাওয়া যাবে না। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, দু’জন মুখ কাপড়ে ঢেকে একের পর এক ফ্ল্যাটে ঢুকছে। কিছু সময় পর সেখান থেকে হাতে জিনিস নিয়ে বের হচ্ছে।আবাসিক বিপ্লব পাল বলেন, দু’জন লোক আবাসনের বিল্ডিংগুলির কোলাপসিবল গেট খুলে ভিতরে ঢোকে। তার মধ্যে তিনটি বিল্ডিংয়ে পাঁচ-ছয়টি ফ্ল্যাটে তালা ভেঙে ভিতরে ঢুকেছে। ওই সমস্ত ফ্ল্যাট ফাঁকা ছিল। আমাদের দু’জন নিরাপত্তারক্ষী রয়েছেন। মেন গেটে তালা দেওয়া ছিল। মনে হচ্ছে, পাঁচিল টপকে বা অন্য কোনওদিক দিয়ে তারা আবাসনে ঢোকে। আমরা চরম আতঙ্কে রয়েছি।ওই আবাসনে একশোর বেশি পরিবার রয়েছে। ফলে সবাই চিন্তিত হয়ে পড়েছে। এক আবাসিক বলেন, ফাঁকা ফ্ল্যাট ছাড়া অন্য ফ্ল্যাটে ঢুকেও দুষ্কৃতীরা আক্রমণ করতে পারত। মনে হচ্ছে শাবলজাতীয় কিছু দিয়ে ওরা ফাঁকা ফ্ল্যাটগুলির তালা ভেঙেছে। তারপর সেখানে চুরি করে পালিয়েছে।
নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কীভাবে এমনটা হল-সেই প্রশ্নও উঠেছে। এক নিরাপত্তারক্ষী ধীরেন চট্টোপাধ্যায় বলেন, মেন গেট রাত ১১টা ১৫’র মধ্যে বন্ধ করে দিই। গেটের কাছেই থাকি। কিন্তু ওরা গেট দিয়ে ঢোকেনি।



