Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁকসার ধোবারু মোড়ে রাজ্য সড়কে বিপজ্জনক গর্ত, দুর্ঘটনার শঙ্কা

কাঁকসার ধোবারু মোড়ে রাজ্য সড়কে বিপজ্জনক গর্ত, দুর্ঘটনার শঙ্কা
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানকর: পানাগড়-দুবরাজপুর রাজ্য সড়কে কাঁকসার ধোবারু মোড়ের কাছে তৈরি হয়েছে গর্ত। যা সংস্কারের দাবি তুলেছেন পথচারীরা। ব্যস্ততম রাস্তার একটি অংশজুড়ে গর্ত তৈরি হওয়ায় দুর্ঘটনাও ঘটছে। পূর্তদপ্তরের তরফে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। 
Advertisement
দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের সংযোগ রক্ষার অন্যতম মাধ্যম পানাগড়-দুবরাজপুর রাজ্য সড়ক। এই রাস্তার ২৩ কিমি কাঁকসা থানা এলাকায় রয়েছে। প্রতিদিন রাস্তায় কয়েক হাজার ট্রাক ও ডাম্পার যাতায়াত করে। বিভিন্ন রুটের সরকারি ও বেসরকারি বহু বাস চলাচল করে। স্থানীয় সূত্রে জানা যায়, বছর দু’য়েক আগে রাস্তাটির পূর্ণ সংস্কার করা হয়। কিন্তু বেশ কয়েক মাস থেকে রাস্তাটির ধোবারু মোড়ের কাছে একটি অংশের অবস্থা বেহাল হয়েছে। বিপজ্জনক অবস্থায় রয়েছে একটি গর্ত সমেত রাস্তার কিছুটা অংশ। ধোবারু মোড় থেকে পানাগড়ের দিকে যেতে রাস্তার বাঁ দিকের ওই লম্বা অংশটি বড় গাড়ির চালকরা এড়াতে চাইছেন। ফলে লেন ভেঙে চলে আসছেন উল্টোদিকে। এতে দুর্ঘটনার পরিস্থিতি তৈরি হচ্ছে। নাম প্রকাশের অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, রাস্তার এই অংশে গর্ত হয়েছিল। পিচ দিয়ে জায়গাটি ভরাট করা হয়। কিন্তু তাতে দেখা যায় রাস্তার মূল অংশ থেকে সেটি বেশকিছুটা উঁচু হয়ে গিয়েছে। পরে কয়েকদিনের টানা বৃষ্টির ফলে গর্তটি ফের বেরিয়ে পড়েছে। এর ফলে গাড়ি চালকরা সমস্যায় পড়ছেন। রাতের দিকে অনেক চালকই রাস্তার বেহাল অংশটি বুঝতে পারছেন না। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি রাস্তা থেকে নীচে নেমে যাচ্ছে। নিত্যযাত্রীরা জানান, বেশ কিছুদিন আগে ওই জায়গায় দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুই ট্রাকের চালকই গুরুতর জখম হন। তাছাড়া একটি চারচাকা গাড়ির চালকও দুর্ঘটনার কবলে পড়েন। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। নিত্যযাত্রী সাহেব মণ্ডল বলেন, গুরুত্বপূর্ণ এই রাস্তায় গাড়ির চাপ ব্যাপক থাকে। আমি প্রতিদিন বাইক নিয়ে এই রাস্তা দিয়ে যাই। ইলামবাজারের দিকে যাওয়ার সময় ধোবারু মোড়ের কাছে খুব সতর্ক থাকতে হয়। তার কারণ লরি, ডাম্পারগুলি গর্ত এড়াতে লেন ভেঙে বিপরীত দিকে চলে আসছে। আবার ফেরার সময় খুব ধীরগতিতে এই অংশটি পার করতে হয়। বাসের যাত্রী সুমিত্রা লাহা বলেন, এলাকার বহু মানুষ বাসে পানাগড় স্টেশনে আসেন। একাধিক স্কুল, কলেজ, বিভিন্ন অফিসের কর্মীরা বাসের উপর নির্ভর করেন। কয়েকদিন আগে ধোবারুর কাছে রাস্তার ওই অংশে গর্ত এড়াতে উল্টো দিক থেকে আচমকা একটি বড় ট্রাক বাসের মুখোমুখি চলে এসেছিল। বরাত জোরে রক্ষা পেয়েছি। অবিলম্বে রাস্তার ওই অংশটি সংস্কার করা হোক। নাহলে বড় দুর্ঘটনা ঘটে যাবে। পূর্তদপ্তর সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন সময়ে পুরো রাস্তাটি সংস্কার করা হয়। সমস্যা থাকলে সেটিও দেখা হবে।
সম্পর্কিত সংবাদ