সংবাদদাতা, বর্ধমান: সরস্বতী পুজো দেখতে গিয়ে প্রদীপ থেকে এক বৃদ্ধার কাপড়ে আগুন ধরে গিয়েছিল। পশ্চিম বর্ধমানের কাঁকসা থানার ব্রাহ্মণগ্রামে এঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ওই প্রবীণার মৃত্যু হয়েছে। মৃতার নাম রেখারানি ঘোড়ুই(৬৪)। মৃতার পরিবার জানিয়েছে, সোমবার সকালে তিনি বাড়ির পাশে সরস্বতী ঠাকুর প্রণাম করতে যান। সেসময় প্রদীপ থেকে তাঁর কাপড়ে আগুন লেগে যায়। বাঁচার জন্য তিনি দৌড়ে বাড়ির পাশে গোয়ালে ঢুকে পড়েন। সেখানে খড়ের মধ্যে পড়ে গিয়ে তিনি আরও বেশি পুড়ে যান। স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন কোনওরকমে আগুন নিভিয়ে তাঁকে দুর্গাপুরের বিধাননগর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার ভোরে সেখানেই তাঁর মৃত্যু হয়। গলসি থানার গলিগ্রামের চৌমাথায় ট্রাক্টর থেকে পড়ে এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। মৃতের নাম মোজাম্মেল মণ্ডল(৫৭)। গলসি থানারই পুরন্দরগড়ে তাঁর বাড়ি। পুলিস জানিয়েছে, সোমবার সকালে একটি ট্রাক্টর পাইপ নিয়ে গলসির দিকে যাচ্ছিল। মোজাম্মেল চালকের পাশে বসেছিলেন। গলিগ্রাম চৌমাথায় একটি রাইসমিলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়।



