সংবাদদাতা, মানকর: শনিবার কাঁকসার বাঁদড়ায় নতুন রাস্তা উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। সঙ্গে ছিলেন কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য। বাঁদড়া মোড় থেকে বাঁদড়া গ্রাম পর্যন্ত এক কিলোমিটারের একটু বেশি এই রাস্তাটির উদ্বোধন করেন প্রদীপবাবু। এই প্রকল্পে এসআরডিএ ৯৮ লক্ষ টাকা খরচ করেছে। স্থানীয়রা জানান, গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে রাজকুসুম ও ধোবারু সহ বিভিন্ন গ্রামের বাসিন্দারা নিয়মিত যাতায়াত করেন। রাস্তা বেহাল থাকায় এলাকার কয়েক হাজার মানুষকে এতদিন সমস্যা ভোগ করতে হতো। অবশেষে তার সুরাহা হল।
Advertisement
এদিন প্রদীপবাবু রাজ্য সরকারের উন্নয়নের বিষয়গুলি তুলে ধরেন। রাজ্য সরকারের একাধিক প্রকল্পে মানুষ কীভাবে সুবিধা পাচ্ছে, সেকথা বলেন তিনি। প্রসঙ্গত, গত বছর জুলাই মাসে একটি দুর্ঘটনার খবর পেয়ে প্রদীপবাবু এলাকায় আসেন। বেহাল রাস্তা দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তারপরই তিনি রাস্তাটি নতুন করে তৈরির উদ্যোগ নেন। কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন, পথশ্রী প্রকল্পে কাঁকসা ব্লকে ২৭০টি নতুন রাস্তা হয়েছে। এই রাস্তাটির জন্য মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। নতুন রাস্তার ফলে বহু মানুষের সুবিধা হবে।



