নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বাংলাদেশে অশান্তির কথা মাথায় রেখেই কি সেনাবাহিনী প্রস্তুতি শুরু করে দিল! জোর জল্পনা কাঁকসায়। বুধবার ব্যতিক্রমী ঘটনার সাক্ষী থাকল কাঁকসা থানার গড়জঙ্গল। এই জঙ্গলেই রয়েছে বহু প্রাচীন শ্যামারূপার মন্দির। সেই জঙ্গল এদিন কার্যত সেনাবাহিনীর দখলে চলে যায়। সেনাবাহিনীর পাশাপাশি এনএসজি কামান্ডোদের দেখা যায়। পুলিস রীতিমতো করিডর করে এই কনভয়কে নিয়ে আসে।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, সেনাবাহিনীর বিশেষ টিম এদিন জঙ্গলে যুদ্ধমহড়া চালিয়েছে। দীর্ঘদিন ধরেই পানাগড়ে সেনাছাউনি রয়েছে। কিন্তু সাম্প্রতিক ইতিহাসে এভাবে কাঁকসার জঙ্গলে সেনাবাহিনীকে মহড়া দিতে দেখা যায়নি। যা নিয়ে এলাকায় জোর চর্চা চলছে। প্রসঙ্গত, বাংলাদেশের এক প্রাক্তন সেনা অফিসারকে বলতে শোনা গিয়েছে, তারা নাকি সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড দখল করে নেবে। বিএনপি নেতারা আগরতলা পর্যন্ত র্যালি করার হুঁশিয়ারি দিয়েছে। যা নিয়ে এদেশের সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি হলেও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক।



