Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁকসায় জল জমেছে সার্ভিস রোডে, টোলগেট খুলে দিলেন ক্ষুব্ধ স্থানীয়রা

কাঁকসায় জল জমেছে সার্ভিস রোডে, টোলগেট খুলে দিলেন ক্ষুব্ধ স্থানীয়রা
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানকর: কাঁকসার রাজবাঁধে সার্ভিস রোডে জল জমে থাকায় গাড়ি চলাচলে সমস্যা দেখা দিয়েছে। দীর্ঘদিনেও সার্ভিস রোড সংস্কার না হওয়ায় মঙ্গলবার ১৯ নম্বর জাতীয় সড়কের বাঁশকোপা টোলপ্লাজার মূল গেটগুলি প্রায় ৪৫ মিনিটের জন্য খুলে দিয়ে স্থানীয়রা বিক্ষোভে শামিল হন। এর জেরে টোলপ্লাজার কর্মীদের সঙ্গে এলাকার মানুষের বচসা হয়। কাঁকসা থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Advertisement
বাঁশকোপা টোলপ্লাজা কর্তৃপক্ষের বক্তব্য, গেট খুলে দেওয়ায় নির্দিষ্ট কর ছাড়াই গাড়ি পারাপার করেছে। ফলে কেন্দ্রীয় সরকারের আর্থিক ক্ষতি হয়েছে। টোলপ্লাজার অপারেশনাল ম্যানেজার পবনপ্রসাদ সিং বলেন, আমি অনেকবার পাম্প, মোটর দিয়ে জলনিকাশের ব্যবস্থা করেছি। দুর্গাপুজোর সময় ওই রাস্তায় প্রায় ১৪ লক্ষ টাকার জিএসবি ফেলা হয়েছিল। কিন্তু এখন তা নষ্ট হয়েছে। এদিন টোলগেট খুলে দেওয়ায় সরকারি রাজস্বের ক্ষতি হয়েছে। এবিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরে সার্ভিস রোডের নিকাশি সমস্যা মেটানো হয়নি। রাজবাঁধ সার্ভিস রোডের পূর্বদিকে ডিভিসি ক্যানাল রয়েছে। কিন্তু জাতীয় সড়ক কর্তৃপক্ষ পশ্চিমদিকে নালা করেছে। ফলে রাস্তায় জল জমে থাকছে।
জাতীয় সড়কের পাশে সার্ভিস রোডে রাজবাঁধ বাসস্ট্যান্ড রয়েছে। এখান থেকে একদিকে রাজবাঁধ স্টেশন, অন্যদিকে গোপালপুরে যাওয়া যায়। প্রতিদিন কয়েকশো বাস এই বাসস্ট্যান্ড দিয়ে চলাচল করে। এছাড়া, সার্ভিস রোড দিয়ে কারখানার লরি সহ প্রচুর অন্য গাড়ি চলে। কিন্তু রাস্তা জলে ডুবে থাকায় মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটছে।
বিক্ষোভকারী মোহন পাল বলেন, সার্ভিস রোড জলে ডুবে রয়েছে। বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েও লাভ হচ্ছে না। চারমাস ধরে মানুষ সমস্যায় ভুগছেন। জাতীয় সড়ক কর্তৃপক্ষ সমস্যার সমাধান করছে না।
আর এক বিক্ষোভকারী রাহুল মণ্ডল বলেন, এলাকার মানুষকে এখনও নোংরা জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে। রীতিমতো সমস্যায়  জাতীয় সড়ক কর্তৃপক্ষ একাধিকবার সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলেও লাভ হয়নি। তারা বলেছিল, কালীপুজোর পর সার্ভিস রোড ঠিক করে দেওয়া হবে। তা হয়নি বলেই আমরা টোলগেট খুলে দিয়েছি।
সম্পর্কিত সংবাদ