সংবাদদাতা, মানকর: শুক্রবার রাতে কাঁকসা ব্লকের তিনটি স্কুলে চুরি হল। শনিবার সকালে পানাগড় বাজার উচ্চ বিদ্যালয়, আমলাজোড়া উচ্চ বিদ্যালয় ও একটি প্রাথমিক স্কুলে চুরির ঘটনা সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। কাঁকসা থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
Advertisement
পানাগড় বাজার হাইস্কুলের অফিসঘরের জানালা ভেঙে ফর্ম ফিলআপের টাকা ও নথিপত্র চুরি করা হয়েছে বলে অভিযোগ। এদিন স্কুল খোলার পর ঘটনাটি সকলের নজরে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অফিসঘরের পিছনে জানালার গ্রিল ভেঙে দুষ্কৃতীরা ভিতরে ঢোকে। টাকা ও নথি হাতিয়ে নেয় তারা। এখন স্কুলে পরীক্ষা চলছে। আলমারিতে প্রশ্নপত্রও সাজানো ছিল। কিন্তু দুষ্কৃতীরা তাতে হাত দেয়নি। স্কুলে সিসিটিভি রয়েছে। দুষ্কৃতীরা সিসি ক্যামেরার হার্ডডিস্ক ভেঙে দিয়েছে। দোতলার গ্রিল ও দরজা ভাঙা রয়েছে। কম্পিউটার রুমেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। স্কুলের শিক্ষিকা জয়শ্রী বন্দ্যোপাধ্যায় বলেন, স্কুলে এসে দেখি অফিসঘরের আলমারি খোলা। এখন ফর্ম ফিলআপ হচ্ছে। তার টাকা ও অন্য ফান্ডের কিছু টাকা চুরি হয়েছে। এক অভিভাবক বলেন, স্কুলে এখন পরীক্ষা চলছে। চুরির ঘটনায় পড়ুয়ারাও আতঙ্কিত। এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। সীমানা পাঁচিলের অবস্থা খারাপ। ওই স্কুল থেকে বেশ কিছুটা দূরে রয়েছে আমলাজোড়া উচ্চ বিদ্যালয়। এদিন স্কুল খুলতে গিয়ে দেখা যায় অফিসঘর ও প্রধান শিক্ষকের ঘরের তালা ভাঙা। দু’টি ঘরের ভিতরে ঢুকে দেখা যায়, আলমারিগুলি সব খোলা। স্কুল সূত্রে জানা গিয়েছে, নতুন একটি ল্যাপটপ ও একটি প্রজেক্টর নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। স্কুলের প্রধান শিক্ষক সন্দীপ চক্রবর্তী জানান, প্রায় ১০টি আলমারি ভাঙা হয়েছে। কাঁকসা থানায় বিষয়টি জানানো হয়েছে। এলাকারই আর একটি প্রাথমিক স্কুলে তালা ভাঙা অবস্থায় দেখতে পান শিক্ষকরা। বই-খাতা, শিক্ষা সামগ্রী সহ বিভিন্ন জিনিসপত্র ওলট-পালট করা হয়েছে। তবে দুষ্কৃতীরা কিছু নিয়ে যায়নি। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।



