Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁকসায় দুর্গামাতা ট্রাস্টের জমি দখলের অভিযোগ

কাঁকসায় দুর্গামাতা ট্রাস্টের জমি দখলের অভিযোগ
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানকর: কাঁকসার গোপালপুর পঞ্চায়েতের মুচিপাড়া-শিবপুর মোড় সংলগ্ন এলাকায় প্রায় ১০ বিঘা জমি দখলের অভিযোগ উঠল। অভিযোগ, দেবত্র ওই জমি ভরাট করার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি নিয়ে কাঁকসা থানা এবং ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে। দপ্তরের পক্ষ থেকে তদন্ত করার আশ্বাস দেওয়া হয়েছে। বন্ধ করা হয়েছে জমি ভরাটের কাজ।  
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একসময় চাষের জমি ছিল ওই এলাকা। দুর্গাপুরের গোপীনাথপুরের দত্তবাড়ির দুর্গামাতা ট্রাস্টের নামে রয়েছে ওই জমি। দীর্ঘদিন চাষ না হওয়ায় তা জলা জমিতে পরিণত হয়েছে। অভিযোগ কয়েক সপ্তাহ ধরে সেই জমি ভরাট করার চেষ্টা হচ্ছে। দুর্গামাতা ট্রাস্টের পক্ষে সুব্রত দত্ত অভিযোগ করে বলেন, জমিতে বেআইনিভাবে মাটি ভরাট করা হচ্ছে। এলাকার এক ব্যবসায়ী জমি ভরাট করছে। তবে অভিযোগ অস্বীকার করে ওই ব্যবসায়ী বলেন, আমি এই ঘটনার সঙ্গে কোনওভাবেই যুক্ত নই। এখানে চাষ জমি ছিল। চাষিরা দীর্ঘদিন চাষ করে এসেছে। চাষিরা হয়তো ভরাট করেছে। বিষয়টি নিয়ে ওই জমির চাষি শাওন রুইদাস বলেন, আমরা চাষ করতাম। কিন্তু জমি দীর্ঘদিন ধরে পড়েছিল। এলাকার জল জমিতে জমা হচ্ছিল। আমরা জমিটি ভরাট করেছি। আবার চাষ করব। এলাকার ব্যবসায়ী দেবাঙ্কন দাস বলেন, জমি ভরাটের ফলে গোডাউনে জল ঢুকে গিয়ে ব্যবসার ক্ষতি হচ্ছে। জল নিকাশি ব্যবস্থা না থাকায় সমস্যা হচ্ছে। তবে, স্থানীয় বাসিন্দা মুন্সি রজক বলেন, আগে এটি ডোবা ছিল। এখন শুনছি ফ্ল্যাট হবে। 
দুর্গাপুর-ফরিদপুর ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক উৎপলকুমার সাহা বলেন, খবর পেয়েই আধিকারিকরা পরিদর্শনে গিয়েছিলেন। তিনটি প্লটের উপরে রয়েছে জমিটি। নিয়ম হচ্ছে তিন বছর জল থাকলে অনুমতি ছাড়া ভরাট করা যায় না। দেবত্র সম্পত্তির সেবায়েতদেরও অফিসের পক্ষ থেকে যোগাযোগ করা হয়। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপাতত কাজ বন্ধ করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ